বিয়ের জন্য বাসায় আসতে পথেই ফুটবলারের মৃত্যু
বয়স হয়েছে, বাড়িতে চলছে বিয়ের কথাবার্তা। প্রায় সব ঠিকঠাক, তবে কথা পাকা করতে হলে পাত্রকে তো আসতে হবে। তাই ক্লাব থেকে ছুটি নিয়ে বাড়িতে আসছিলেন আহমেত কালিক। কিন্তু শেষ পর্যন্ত আর বাসায় পৌছা হলো না তার। পথিমধ্যেই এক দুর্ঘটনায় মারা গেছেন তিনি।
জানা গেছে, বিয়ের পরিকল্পনা চূড়ান্ত করার জন্য ক্লাব থেকে এক দিনের ছুটি নিয়ে বাসায় যাচ্ছিলেন আহমেত কালিক। পথেই দুর্ঘটনার কবলে পড়েন তুরস্কের এই ফুটবলার। তাই তার আর বিয়ের পরিকল্পনা করা হয়ে ওঠেনি। তার আগেই পাড়ি জমান না ফেরার দেশে।
এক বিবৃতিতে তার ক্লাব গ্যালাতাসারে বলেছে, আমাদের খেলোয়াড় আহমেত কালিককে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। কোনিয়াস্পোরে আসার প্রথম দিন থেকেই আমাদের সমর্থক এবং শহরের মানুষদের ভালবাসা অর্জন করে নিয়েছিলেন তিনি।
.png)
আরো পড়ুন: রিভিউয়ে হেরে ভারতের কান্নাকাটি, সমালোচনার ঝড়
২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে তুরস্ক জাতীয় দলের হয়ে আটটি ম্যাচ খেলেছেন কালিক। ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও দলের অংশ ছিলেন এই সেন্টার ব্যাক। যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
মৃত্যুকালে আহমেত কালিকের বয়স হয়েছিল ২৭ বছর। তুর্কি ওয়েবসাইট 'স্পোর অ্যারেনা'র প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার রাজধানী আঙ্কারার কাছে একটি মোটরওয়েতে দুর্ঘটনার শিকার হন তিনি।
আহমেত কালিকের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে তুর্কি এফএ। ২০২০ সালে কোনিয়াস্পোরে যোগ দেওয়ার আগে তিন বছর গ্যালাতাসারে ক্লাবটির হয়ে ৫০টির বেশি ম্যাচ খেলেছিলেন কালিক।