ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফ্রিকার লক্ষ্য সিরিজ নিশ্চিত; ভারতের সমতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১২, ২০ জানুয়ারি ২০২২
আফ্রিকার লক্ষ্য সিরিজ নিশ্চিত; ভারতের সমতা
দক্ষিণ আফ্রিকা দল

গতরাতে প্রথম ওয়ানডেতে ভারতকে ৩১ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জয় নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা। অন্য দিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া সফরকারী ভারতও। এমন লক্ষ্য নিয়ে আগামীকাল পার্লে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে ভারতের বিপক্ষে ওয়ানডে লড়াই শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচেই বাজিমাত করে প্রোটিয়ারা।

পার্লে অধিনায়ক টেম্বা বাভুমা ও রাসি ভান ডার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৬ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ৬৮ রানে তৃতীয় উইকেট পতনের পর জুটি বাঁধেন বাভুমা ও ডুসেন। ১৪৩ বলে ৮টি চারে ১১০ রান করেন বাভুমা। ৯৬ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ১২৯ রান করেন ডুসেন।

Advertisement

জবাবে শিখর ধাওয়ান ও সাবেক অধিনায়ক বিরাট কোহলির জোড়া হাফ-সেঞ্চুরিতে লড়াইয়ে ছিলো ভারত। কিন্তু ধাওয়ান ৭৯ ও কোহলি ৫১ রানে আউট হলে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারে ভারত। ব্যাট হাতে ব্যর্থ হন রিশাভ পান্ট-শ্রেয়াস আইয়ার ও অভিষেক হওয়া ভেঙ্কটেশ আইয়ার।  

শেষদিকে শারদুল ঠাকুরের অপরাজিত ৫০ রান হারের ব্যবধান কমিয়েছে। ৮ উইকেটে ২৬৫ রান করে ভারত।

প্রথম ওয়ানডে হারের জন্য মিডল অর্ডারকে দুষছেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। তিনি বলেন, আমাদের মিডল অর্ডার রান করতে পারেনি। প্রথম ২০-২৫ ওভার ঠিক ছিল। ভেবেছিলাম রানটা তুলতে পারবো আমরা। কিন্তু দক্ষিণ আফ্রিকা ভাল বল করেছে, সঠিক সময় উইকেট পেয়েছে।

প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ে চোখ দক্ষিণ আফ্রিকার বাভুমার। তিনি বলেন, জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জিততে চাই আমরা। দ্বিতীয় ম্যাচে ব্যাটার ও বোলারদের কাছে পারফরমেন্স আশা করি।

এখন পর্যন্ত ওয়ানডেতে ৮৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা ৪৬টি ও ভারত ৩৫টিতে জয় পায়। ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!