বার্বাডোসে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। ইয়ন মরগানের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে এই ম্যাচে নেতৃত্ব মঈন আলি।
ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্রেন্ডন কিংকে বোল্ড করেন জর্জ গার্টন। ১০ বলে ১০ রান করেন কিং। আরেক ওপেনার শাই হোপ শিকার হন লিয়াম লিভিংস্টোনের। দলীয় ৪৮ রানের মাথায় বিদায় নেন হোপ। তবে তখন তার ব্যক্তিগত সংগ্রহ ছিল মাত্র ৬ বলে ৪ রান।
.png)
তৃতীয় উইকেট রীতিমতো টর্নেডো বইয়ে দেন পাওয়েল ও নিকোলাস পুরান। দুজনে গড়েন ৬৬ বলে ১২২ রানের বড় জুটি। ৪৩ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলে আদিল রশিদের শিকার হন পুরান। এই বাঁহাতি ব্যাটারের ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি বাউন্ডারি। স্ট্রাইকরেট ১৬২.৭৯।
চতুর্থ উইকেটে রোমারিও শেফার্ডকে নিয়ে ৪০ রানের জুটি গড়েন পাওয়েল, যেখানে শেফার্ডের অবদান ছিল ৪ বলে ১০ রান। এ সময় ৫১ বলে তিন অঙ্ক স্পর্শ করেন পাওয়েল। এটি তার আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারের প্রথম শতক।
ক্রিস গেইল ও এভিন লুইসের পর তৃতীয় ক্যারিবিয়ান ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০তে শতক হাঁকালেন পাওয়েল। ৫৩ বলে ১০৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে চার আসে মাত্র চারটি, তবে ছক্কা হাঁকান ১০টি। তার স্ট্রাইকরেট ছিল ২০১.৮৯।
শেষ দিকে শেফার্ড ৫ বলে ১১ রান ও কাইরন পোলার্ড ৪ বলে ৯ রানে অপরাজিত থাকেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ৫ উইকেটে ২২৪ রান। রান বন্যার দিনেও আদিল রশিদ ৪ ওভারে একটি উইকেট নিয়ে খরচ করেন মাত্র ২৫ রান।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডও ঝড়ো শুরু পায়। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ১৬ বলে ১৯ রান করে বিদায় নেন জেসন রয়। ৯ বলে ১৬ রান করে সাজঘরের পথ ধরেন জেমস ভিঞ্চ।
অধিনায়ক মঈন রানের খাতা খোলার আগেই প্রতিপক্ষ অধিনায়ক পোলার্ডের শিকার হন। লিয়াম লিভিংস্টোন ফেরেন ৯ বলে ১১ রান করে। সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখতে দেখতে ওপেনার টম ব্যান্টনও আউট হয়ে যান। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন তিনি।
আরেক তরুণ ব্যাটার ফিলিপ সল্টও অর্ধশতক হাঁকান। মাত্র ২৪ বলে ৫৭ রান করেন তিনি। তার ঝড়ো ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। আর কোনো ইংলিশ ক্রিকেটার প্রতিরোধ গড়তে ব্যর্থ হলে ইংলিশরা থামে ২০৪ রানে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শেফার্ড তিনটি ও পোলার্ড দুইটি উইকেট শিকার করেন।
২০ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শতক হাঁকানো পাওয়েল।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ২২৪/৫ (২০ ওভার)
পাওয়েল ১০৭, পুরান ৭০;
রশিদ ১/২৫।
ইংল্যান্ড ২০৪/৯ (২০ ওভার)
ব্যান্টন ৭৩, সল্ট ৫৭, রয় ১৯, ভিঞ্চ ১৬;
শেফার্ড ৩/৫৯, পোলার্ড ২/৩১।
ওয়েস্ট ইন্ডিজ ২০ রানে জয়ী।