ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রিমিয়ার লিগের ভেন্যু কমে দাঁড়াল চার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৪, ২৯ জানুয়ারি ২০২২
প্রিমিয়ার লিগের ভেন্যু কমে দাঁড়াল চার
ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ কমিটি গত মিটিং শেষে ঘোষণা দিয়েছিল ঢাকাসহ ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবার প্রিমিয়ার লিগ। কিন্তু করোনা ভাইরাসের উর্ধ্বগতির কারণে ভেন্যু কমিয়ে ৪টি করেছে দিয়েছে লিগ কমিটি। আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে লিগ।

শনিবার প্রফেশনাল লিগ কমিটির জরুরী সভায় চার ভেন্যুতে খেলা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এ বিষয়ে বলেন, আমাদের ভেন্যুগুলো প্রস্তুত ছিল। তবে এই করোনা পরিস্থিতি ও সরকারের বিধিনিষেধ মেনে দলগুলোর ঢাকার বাইরে গিয়ে থেকে আবার ফিরে আসার পরিবর্তে আমরা ঢাকার আশেপাশে খেলার আপাতত সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবগুলো এতে সম্মত হয়েছে।

Advertisement

যে চার ভেন্যুতে খেলা শুরু হবে, সেগুলো হচ্ছে- বসুন্ধরা কিংস কমপ্লেক্স, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম এবং বাংলাদেশ আর্মি স্টেডিয়াম।

আগের ৭ ভেন্যুর তালিকায় ছিল না বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। এবার ঢাকার এই ভেন্যুটিতে হবে প্রিমিয়ার লিগ। আপাতত ভেন্যুর তালিকা থেকে বাদ পড়েছে রাজশাহী স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম ও কুমিল্লার ভাষা শহীদ ধীরেনন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম।

আগের সাত ভেন্যুর কোনটা কোন দলের সেটা বণ্টন হয়ে গিয়েছিল। নতুন এই পরিস্থিতিতে ভেন্যু ব্যবস্থাপনাতেও পরিবর্তন এনেছে বাফুফে, ‘এখনো কোনো ক্লাবের নিজস্ব ভেন্যু থাকবে না। চারটি ভেন্যুই বাফুফের ব্যবস্থাপনায় থাকবে। সব ভেন্যুতে সব দলের সমান ম্যাচ থাকে যেন ফিকশ্চারে সেটা নিশ্চিত করা হবে'।

চার ভেন্যুর মধ্যে রয়েছে বসুন্ধরা কিংসের নিজস্ব ভেন্যু সম্পর্কে সালাম মুর্শেদী বলেন, সভায় তাদের প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে। আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেব।

করোনার প্রকোপ কমে গেলে আবার দূরের ভেন্যুতে খেলা শুরু হবে বলে জরুরী সভা শেষে জানিয়েছেন বাংলাশে ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বাফুফে
লিংক সফলভাবে কপি হয়েছে!