ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভ্লাহোভিচের মধ্যে রোনালদোকে খুঁজে পাবার চেষ্টা করছে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৯, ৩০ জানুয়ারি ২০২২
ভ্লাহোভিচের মধ্যে রোনালদোকে খুঁজে পাবার চেষ্টা করছে জুভেন্টাস
ডুসান ভ্লাহোভিচ

পাঁচ মাস গড়িয়ে যাবার পর শেষ পর্যন্ত পতুর্গীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর বদলী একজন খেলোয়াড়কে দলে ভেড়াতে পেরেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

শুক্রবার ফিওরেন্টিনা থেকে ৭০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দারুন ছন্দে থাকা ডুসান ভ্লাহোভিচকে দলে ভিড়িয়েছে তুরিনের জায়ান্টরা।
রোনালদোর রেখে যাওয়া ৭ নম্বর জার্সি গায়েই ইতালিয়ান সিরি আ লিগে ২২ বছর বয়সী এই সার্বিয়ান তারকাকে দেখা যাবে।

আলিয়াঁজ এরিনাতে কেক ও মোমবাতিসহ সতীর্থদের কাছে ভ্লাহোভিচকে পরিচয় করিয়ে দেয়া হয়।

Advertisement

এ সময় সার্বিয়ান ফরোয়ার্ড বলেছেন, আজকের দিনটা আমার ক্যারিয়ারের বিশেষ একটি দিন। সবচেয়ে আলাদা একটি বিষয় হচ্ছে আজ আমার জন্মদিন। এই ধরনের অভিজ্ঞতা আমার কখনই হয়নি।

ফিওরেন্টিনায় ভ্লাহোভিচ ৯ নম্বর জার্সি পড়ে খেলতেন। জুভেন্টাস টুইটারে ভ্লাহোভিচের ছবি পোস্ট করে সেখানে হ্যাশট্যাগ দিয়ে রোনালদো ‘সিআর সেভেন’ এর স্থানে লিখেছে ‘ডিভিসেভেন’।

জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত ভ্লাহোভিচের সাথে চুক্তি হয়েছে। বোনাস হিসেবে তিনি আরো ১০ মিলিয়ন পাবেন বলেও চুক্তিতে উল্লেখ করা হয়েছে।

এবারের মৌসুমে ফিওরেন্টিনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ভ্লাহোভিচ ২৪ ম্যাচে ২০ গোল করেছেন। ল্যাজিওর অভিজ্ঞ স্ট্রাইকার সিরো ইমোবিলের সাথে যৌথভাবে সিরি আ-র গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন।

আগস্টে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড পাড়ি জমানোর পর থেকে পঞ্চম স্থানে থাকা জুভেন্টাস নিজেদের প্রমাণে একের পর এক ব্যর্থ হয়েছে। এবারের মৌসুমে তারা মাত্র ৩৪ গোল করেছে যা শুধুমাত্র তুরিনো বাদে সিরি আ লিগের বাকি শীর্ষ ১০ দলের মধ্যে সর্বনিম্ন। সার্বিয়ান তারকা ভ্লাহোভিচকে পেয়ে জুভেন্টাসের এই চেহারা হয়ত পাল্টে যাবে। রোনালদো একাই এক ক্যালেন্ডার বছরে ৩৩ গোল করেছেন।

এর আগে ফিওরেন্টিনার সভাপতি রোকো কোমিসো অক্টোবরে ঘোষনা দিয়েছিলেন সার্বিয়ান ফরোয়ার্ড টুসকানের ক্লাবটির সাথে চুক্তি নবায়নে আগ্রহী নয়। ২০২৩ সালে তার সাথে ভ্লাহোভিচের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবার কথা ছিল। জানুয়ারি ট্রান্সফার মার্কেটে এই চুক্তিটি এখন পর্যন্ত সর্বোচ্চ।

ইংলিশ জায়ান্ট আর্সেনালও ভ্লাহোভিচকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু জুভেন্টাসের দিকেই পা বাড়ানোর সিদ্ধান্ত নেন ভ্লাহোভিচ। বর্তমানে সিরি আ লিগ টেবিলে ফিওরেন্টিনার থেকে দুই ধাপ উপরে রয়েছে জুভেন্টাস। চিয়েসা, ফেডেরিকো বার্নারডেশির সাথে ভ্লাহোভিচ সাবেক ফিওরেন্টিনার খেলোয়াড় হিসেবে জুভেন্টাসে যোগ দিলেন।

এদিকে জুভেন্টাসের সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করার সাথে সাথে কোভিড আইসোলেশন আইন ভঙ্গের অভিযোগ উঠেছে ভ্লাহোভিচের বিপক্ষে। ফ্লোরেন্স স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত সপ্তাহে ভ্লাহোভিচ করোনা পজিটিভ হয়েছিলেন। এ কারনে তার আরো কিছুদিন কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল।

বিষয়টি নিয়ে টুসকানি সেন্ট্রাল হেলথ অথরিটির প্রধান গিওর্গিও গারোফালো জানিয়েছেন, ভ্লাহোভিচের পরিস্থিতি নিয়ে জটিলতা তৈরী হয়েছে। কিন্তু এখনো আমরা বিষয়টি নিয়ে শান্ত আছি। আইন সকলের জন্য সমান। তিন ডোজ নেয়া থাকলে করোনা হবার পর সাতদিন আইসোলেশনে থাকলেই হবে। কিন্তু ভ্লাহোভিচ তা না মেনে আইন ভঙ্গ করেছেন। এখন আইনানুযায়ী তাকে শাস্তি পেতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!