রোনালদোকে নিয়েই ক্ষতির মুখে পড়েছে জুভেন্টাস!
ইউরোপিয়ান দলবদলের বাজার তোলপাড় করে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেনকে দলে ভেড়ানোর মূল উদ্দেশ্য হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইচ্ছের কথা জানিয়েছিলেন জুভ কর্তারা। কিন্তু তিন মৌসুম জুভেন্টাসে থেকেও দলকে ইউসিএল জেতাতে পারেননি রোনালদো।
চলতি মৌসুমে জুভেন্টাস ছেড়ে পুরনো দল ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনালদো। তিনি চলে যাওয়ার পর মুখ খুলেছেন তার সাবেক সতীর্থ জিয়ানলুইজি বুফন। তার মতে, সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে দলে ভিড়িয়ে জুভেন্টাসের সাহায্যের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বুফন। তার মতে, রোনালদোকে দলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ তো জিততে পারেইনি জুভেন্টাস, উল্টো দলীয় সংহতিও জলাঞ্জলি দিতে হয়েছে।
.png)
রোনালদো যে মৌসুমে দলটিতে গিয়েছিলেন, বুফন সেই মৌসুমেই পাড়ি জমিয়েছিলেন পিএসজিতে। উদ্দেশ্য অবশ্য দুনেরই ছিল অভিন্ন, দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো। সেটা সে মৌসুমে কারোই পূরণ হয়নি। রোনালদোর দল বিদায় নেয় শেষ আট থেকে, আর বুফনের পিএসজি তার আগের রাউন্ড থেকেই ছিটকে যায়।
পরের মৌসুমেই বুফন ফেরেন তার পুরনো দলে। তবে লাভ হয়নি। পরের দুই মৌসুমে ফলটা আরো বাজে হয়েছে দলটির, বিদায় নিয়েছে শেষ ষোল থেকেই। অথচ রোনালদো যাওয়ার আগের চার মৌসুমেই দলটি দুইবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছিল। সেখানে তাকে নিয়ে শিরোপা তো দূর অস্ত, খেলতে পারেনি সেমিফাইনালেও!
পিএসজি থেকে ফিরে এসে দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেননি বটে, কিন্তু বুফন একটা পরিবর্তন ঠিকই ধরতে পেরেছিলেন। তার মনে হচ্ছিল দল হিসেবে খেলার অভ্যেসটাই চলে গিয়েছিল জুভেন্টাসের।
সম্প্রতি স্প্যানিশ টিভি চ্যানেল টিউডিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বুফন বলেন, ‘আমি ফিরে এসে দুই বছর রোনালদোর সঙ্গে কাজ করেছি। ভালোও করেছি। তবে আমার মনে হয়েছে দল হিসেবে খেলার অভ্যেসটাই হারিয়ে গেছে জুভেন্টাস থেকে।’
তবে সুযোগ যে আসেনি দলের সামনে তা নয় মোটেও। এ বিষয়ে বুফন বলেন, ‘সে আসার প্রথম বছরে আমি যখন আমি প্যারিসে ছিলাম, তখন জুভেন্টাসের সামনে চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ ছিল। কিন্তু শেষমেশ কেন এমন হয়নি, তা আমি বুঝতেই পারি না।’