ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির ফেরার ম্যাচে হেরে পিএসজির বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ১ ফেব্রুয়ারি ২০২২
মেসির ফেরার ম্যাচে হেরে পিএসজির বিদায়
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের ধকল কাটিয়ে সোমবার রাতে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। দীর্ঘদিন পর অবশেষে গায়ে জড়িয়েছেন ১০ নম্বর জার্সিও। কিন্তু এমন প্রত্যাবর্তনটা সুখকর হলো না তার জন্য।

রোমাঞ্চকর লড়াইয়ে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নিস। প্যারিসে গতকাল রাতে শেষ ষোলোর লড়াইয়ে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে বিদায় নিয়েছে প্রতিযোগিতাটির বর্তমান ও রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন পিএসজি।

ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও নিসের রক্ষণের সামনে অসহায় দেখিয়েছে পিএসজিকে। নির্ধারিত সময়ে তাদের বলার মতো বড় কোনো সুযোগ দেয়নি নিস।

Advertisement

ফরাসি কাপের নিয়ম অনুযায়ী, শেষ ষোলোর ম্যাচে শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের ১ থেকে ১১ নম্বর জার্সি পরতে হয়। সেই নিয়মের কারণে এদিন ৩০ নম্বর ছেড়ে বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে জড়ান মেসি।

মাঠে ফেরার দিনে আর্জেন্টাইন খুদে জাদুকর খুব খারাপ করেছেন তা বলার উপায় নেই। কিন্তু নেইমার-এমবাপ্পেকে ছাড়া খেলতে নামা পিএসজি খুলতে পারেনি গোলমুখ।

পিএসজি প্রথমার্ধে সবচেয়ে বড় সুযোগটা পায় ২২তম মিনিটে। ডি-বক্সে মেসি পাস দেন আন্দ্রে হেরেরাকে। কিন্তু এই মিডফিল্ডারের বাড়ানো বল বাইরে মেরে দেন মার্কো ভেরাত্তি।

প্রথমার্ধে কেবল একটি শটই লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। সেটিও বিরতির বাঁশি বাজার একটু আগে। সেই শট সরাসরি গোলরক্ষক বরাবর মারেন মেসি।

৬৪তম মিনিটে মাউরো ইকার্দিকে তুলে কিলিয়ান এমবাপ্পেকে নামান পিএসজি কোচ। কিন্তু মাঠের ফুটবলে পিএসজির দাপট দেখা যায়নি তারপরও। নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকে ম্যাচ।

টাইব্রেকারে এসে কপাল পুড়ে পিএসজির। নিজেদের প্রথম তিন শটে বল জালে পাঠায় নিস। পিএসজির প্রথম দুটি শটে জাল খুঁজে নেন মেসি ও এমবাপ্পে। কিন্তু পারেদেসের নেওয়া তাদের তৃতীয় শট ঠেকিয়ে দেন নিস গোলরক্ষক মার্চিন বুকা।

নিসের পরের শট ঠেকিয়ে আশা জাগিয়েছিলেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। পরের তিনটি করে শটে দুই দলই গোল পায়। কিন্তু শেষ শট মিস করে বসেন পিএসজির জাভি সিমোন্স। তাতেই বিদায় নিশ্চিত হয়ে যায় মেসিদের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: পিএসজি
লিংক সফলভাবে কপি হয়েছে!