ব্রেস্তের বিপক্ষে ২-০ গোলে জিতেছে পিএসজি। দলের হয়ে গোল দুটি করেছেন কিলিয়ান এমবাপ্পে ও তিলো কেহরার। এতে টানা দুই ড্রয়ের পর জয়ে ফিরেছে মরিসিও পচেত্তিনোর দল।
হাঁটুর চোটের কারণে অনেক দিন ধরেই মাঠের বাইরে ছিলেন রামোস। সেই চোট কাটিয়ে ফিরলেও পিএসজির ঘরের মাঠে এতদিনে তার অভিষেকটা হয়নি। শেষ পর্যন্ত সেটা হয়েছে গত রাতে।
.png)
লিওনেল মেসি করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন বটে। কিন্তু তাকে আরো প্রস্তুত হয়ে ফিরে আসতে পিএসজির স্কোয়াডে নাম রাখেননি কোচ মরিসিও পচেত্তিনো। ফলে আরো একটা ম্যাচে তাকে ছাড়াই খেলেছে দলটি।
ঘরের মাঠে শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি পিএসজির। শুরুর কয়েক মিনিটে কম করে হলেও দুটো শট রুখে দিয়ে পিএসজিকে গোল হজমের হাত থেকে রক্ষা করেন জিয়ানলুইজি দোনারুমা। এরপর অবশ্য পিএসজি নিজেদের গুছিয়ে নেয়, যার ফল আসে ৩২তম মিনিটে।
এ সময় জর্জিনিও উইজনালডুমের পাস থেকে দারুণ এক গোল করে বসেন এমবাপ্পে। সে এক গোলের লিড নিয়েই পিএসজি প্রথমার্ধ শেষ করে। ৫৩ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় দলটি। নুনো মেন্দেসের কাটব্যাক থেকে গোল করেন আরেক ডিফেন্ডার তিলো কেহরার।
এরপরই আসে সার্জিও রামোসের সেই মাহেন্দ্রক্ষণ। রক্ষণকে আরো পোক্ত করতে ডিফেন্ডার বাড়ানোর ভাবনা কাজে লাগান পচেত্তিনো। তাতেই ফরোয়ার্ড আনহেল ডি মারিয়ার বদলি হিসেবে ঘরের মাঠে ‘অভিষেক’ হয় তার।
শেষে এসে নিজের কাজটা ঠিকঠাক সামলেছেন রামোস। তাতেই পিএসজি ম্যাচটা শেষ করেছে ২-০ ব্যবধান নিয়েই। এই জয়ের ফলে ২১ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্র নিয়ে ৫০ পয়েন্ট অর্জন করেছে পিএসজি। আছে লিগ ওয়ানের শীর্ষেও। সমান ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট অর্জন নিসের।