সমান তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে ভারতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ভারতের মোট ছয়টি ভেন্যুতে হওয়ার কথা ছিল একদিনের তিনটি ম্যাচসহ মোট ছয়টি সাদা বলের ম্যাচ। তবে, করোনা প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়।
নতুন করে সিদ্ধান্ত হয়, ছয় ভেন্যুর পরিবর্তে দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের সব কয়টি ম্যাচ। এত সাবধানতার পরও সিরিজ শুরু হওয়ার আগেই ভারত শিবিরে আঘাত হানলো করোনা।
.png)
পরিবর্তিত সূচি অনুযায়ী সবগুলো একদিনের ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে আহমেদাবাদ। তিন ম্যাচের সেই একদিনের সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারী থেকে। সেই আহমেদাবাদে নেমেই করোনা সম্পর্কিত বড় দুঃসংবাদ পেয়েছে ভারতীয় ক্রিকেট দল।
করোনা পজিটিভ হয়েছেন দলের ৪ জন ক্রিকেটার। তারা হলেন, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋতুরাজ গায়কোয়ার ও দলের সাথে বাড়তি বোলার হিসেবে থাকা নবদীপ সাইনি।
আক্রান্তের তালিকায় আছে ক্যাম্পে দলের সাথে থাকা আরো তিন জনের নামও। বিসিসিআই জানিয়েছে, ৩১ শে জানুয়ারি আহমেদাবাদ নামার পর তিন দফা আরটিপিসিআর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে পুরো ভারত জাতীয় ক্রিকেট দলকে।
সেই পরীক্ষায় প্রথম দিনের পরীক্ষায় শিখর ধাওয়ান ও নবদীপ সাইনির রিপোর্ট পজিটিভ আসে। অন্যদিকে, শ্রেয়স আইয়ার ও ঋতুরাজ গায়কোয়ারের রিপোর্ট পজিটিভ আসে বুধবারের করোনা টেস্টে।
চার ক্রিকেটার ছাড়া করোনা আক্রান্ত হওয়া বাকি তিনজন হলেন ফিল্ডিং কোচ দিলীপ, নিরাপত্তা কর্মকর্তা লোকেশ ও থেপারিস্ট রাজিব কুমার। করোনা আক্রান্ত চার ক্রিকেটারের একদিনের সিরিজের পুরোটাই মিস করার সম্ভাবনা রয়েছে। তবে টি-২০ সিরিজ দিয়ে মাঠে ফেরার চেষ্টা থাকবে তাদের।
বিসিসিআই জানিয়েছে, তাদের অনুপস্থিতিতে আপাতত দলের সাথে যোগ দিবেন ওপেনিং ব্যাটার মায়াঙ্ক আগারওয়াল। বোনের বিয়ের জন্য ছুটিতে থাকায় প্রথম একদিনের ম্যাচ মিস করবেন দলের সহ-অধিনায়ক লোকেশ রাহুলও। তাই প্রথম ম্যাচের জন্য দল সাজানোর জন্য মাত্র ছয়জন ব্যাটারই থাকবেন অধিনায়ক রোহিত শর্মার হাতে।