বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ-ভারত মহারণ। অ্যান্টিগায় অনুষ্ঠিতব্য আজকের ম্যাচটি জিতে সেমিফাইনালে খেলতে মুখিয়ে বাংলাদেশ যুব দলের অধিনায়ক রাকিবুল হাসান।
এক ভিডিও বার্তায় বাংলাদেশ অধিনায়ক বলেন,‘কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে পাঁচ-ছয় দিনের বিরতি পেয়েছি। এই সময়ে ভালোভাবে অনুশীলন করেছি আমরা। মানসিক ও শারীরিক দিক থেকে খুব ভালো অবস্থানে আছি। গত দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসও বেড়েছে। বোলাররা ভালো বল করেছে, ব্যাটাররা রান পেয়েছে। তাই আশাবাদী আমি।’
.png)
এবারের বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল যাচ্ছেতাই। ইংল্যান্ডের বিপক্ষে গুটিয়ে গিয়েছিল মাত্র ৯৭ রানে। সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ান যুবারা। কানাডাকে ৮ উইকেটে আর আরব আমিরাতকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়ে নিশ্চিত করেন শেষ আটের টিকিট।
গত ফাইনালে হারলেও চারবারের চ্যাম্পিয়ন ভারত এবার অন্যতম ফেভারিট। নিজেদের গ্রুপ ‘বি’তে তারা দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে, আয়ারল্যান্ডকে ১৭৪ রানে আর উগান্ডাকে হারিয়েছে ৩২৬ রানের বড় ব্যবধানে। করোনার কারণে অধিনায়কসহ দলের নিয়মিত কয়েকজন না থাকলেও শূন্যতাটা বুঝতে দেয়নি তারা।
আজ বাংলাদেশের বিপক্ষে করোনামুক্ত হয়ে ফিরছেন সবাই। এরপরও ভারতকে ভয় না পেয়ে সাহসী ক্রিকেটের প্রতিশ্রুতি রাকিবুলের কণ্ঠে। তিনি বলেন, ‘আমাদের যে পরিকল্পনা আছে সেটা মাঠে শতভাগ কার্যকরের চেষ্টা করব। আমরা ওদের সঙ্গে সাহসী ও ইতিবাচক ক্রিকেট খেলব, যেন আমরা ভালো একটা ফল নিয়ে বের হয়ে যেতে পারি।’
ভারতের বিপক্ষে গত কিছুদিনে বেশ কিছু ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভারতের মাটিতেই অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতেছেন যুবারা। ভারত প্রতিশোধ নিয়েছে এশিয়া কাপে। সেমিফাইনালে বাংলাদেশকে ১০৩ রানে হারায় তারা। ভারতের ২৪৩ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ১৪০-এ।
এ বিষয়ে রাকিবুল জানালেন, ‘ভারতের বিপক্ষে গত কয়েক দিনে বেশ কিছু ম্যাচ খেলেছি। ওদের দেশে খেলার পর এশিয়া কাপে খেলেছি। তাই ওদের শক্তি ও দুর্বলতাগুলো জানা আছে । আমরা ওদের বিপক্ষে যে পরিকল্পনা নিয়ে খেলব, সেটা যদি কাজে লাগাতে পারি আর ছোট ছোট ভুলগুলো না করি, তাহলে ভালো একটা ফল নিয়ে বের হতে পারব। আসল কথা হচ্ছে দিনশেষে আমরা ফলের চিন্তা না করে ভালো ক্রিকেটের কথাই ভাবছি।’