বোপারার বল টেম্পারিংয়ের বিষয়টি আম্পায়ারদের নজরে আসার পর নতুন বলে শুরু হয় ম্যাচ। ঘটনাটি নিয়ে গতকাল থেকেই ক্রিকেটাঙ্গনে তোলপাড় চলছিল। আজ বিপিএল কমিটি তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। তবে আপিল করার সুযোগ পাচ্ছেন বোপারা।
খুলনার ইনিংসের তৃতীয় ওভারে এই অপকর্ম ঘটান বোপারা। টিভি ক্যামেরায় ধরা পড়ে, নিজের প্রথম ওভার করতে এসে তিনি নখ দিয়ে খুঁটে বল বিকৃতি করার চেষ্টা করছেন। বিষয়টি আম্পায়ারদেরও চোখ এড়ায়নি।
.png)
এ অবস্থায় তাৎক্ষণিকভাবে মাঠেই শাস্তি পেয়েছে সিলেট। পেনাল্টি হিসেবে প্রতিপক্ষ খুলনাকে ৫ রান দেওয়া হয়। ওভারের তৃতীয় বলের পর অন ফিল্ড দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলা তার থেকে বল চেয়ে নেন। এরপর নতুন বল দিয়ে ফের খেলা শুরু হয়।
ম্যাচটি ১৫ রানে জিতে নেয় খুলনা টাইগার্স। টিভি রিপ্লেতে দেখা গেছে, বাঁ-হাত দিয়ে বল আড়াল করে ডান হাতের দুই আঙুলের নখ দিয়ে বল ঘষামাজা করছিলেন সিলেট অধিনায়ক। এবার এই অপরাধে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
তবে বোপারা আপিলের সুযোগ পাবেন। সেক্ষেত্রে তার সাজা কমতে পারে। নিষেধাজ্ঞার বদলে ৭৫% ম্যাচ ফি জরিমানা দিয়ে বেঁচে যেতে পারেন এই ইংলিশ অলরাউন্ডার।