প্লে অফ নিশ্চিতের লক্ষ্যে ফিল্ডিংয়ে কুমিল্লা
ফরচুন বরিশালের কাছে মঙ্গলবার মাত্র ১২ রানে হারের মাধ্যমে এবারের বিপিএল থেকে প্রথম দল হিসেবে সিলেট সানরাইজার্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবে লিগ পর্বে এখনো তাদের দুটি ম্যাচ বাকি রয়েছে। নিজেরা বিদায় নিলেও এই দুই ম্যাচে অন্য যে কোনো একটি দলের বারোটা বাজিয়ে ছাড়তে পারে তারা।
সিলেটের সঙ্গে বিদায় নেয়ার ক্ষেত্রে সেই দল কোনটি হতে পারে তা এখনো নিশ্চিত নয়। কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে সিলেটের খেলা বাকি আছে। আজ তারা নিজেদের মাঠে শেষ ম্যাচে কুমিল্লার মুখোমুখি হচ্ছে।
এই ম্যাচে জিততে পারলে কুমিল্লার পথ কঠিন করে দেবে সিলেট। অন্যদিকে শেষ ম্যাচে যদি ঢাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকেও তারা হারিয়ে দিতে পারে, তাহলে সর্বনাশটা হবে চট্টগ্রামেরই। তখন নাঈম ইসলামের দলকে সঙ্গে নিয়েই প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে সিলেট সানরাইজার্স।
.png)
তবে আজ কুমিল্লার সামনে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করার সুযোগ রয়েছে। সবার আগে প্লে অফে উঠে বসে আছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। আজ যদি সিলেটকে হারাতে পারে কুমিল্লা, তাহলে দ্বিতীয় দল হিসেবে তারাই উঠবে প্লে অফে।
সে হিসেব-নিকেশ সামনে রেখেই সিলেট পর্বের শেষ ম্যাচে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে দলটি। করিম জানাত, সুমন খান এবং মুমিনুল হককে বাদ দিয়ে তারা একাদশে নিয়েছে ফাফ ডু প্লেসি, আরিফুল হক এবং আবু হায়দার রনিকে।
সিলেট সানরাইজার্সও দলে দুটি পরিবর্তন এনেছে। শিরাজ আহমেদ এবং মিজানুর রহমানকে বাদ দিয়ে তারা দলে নিয়েছে লেন্ডল সিমন্স এবং মুক্তার আলিকে।
সিলেট সানরাইজার্স একাদশ: রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম অপু, আলাউদ্দিন বাবু, সোহাগ গাজী, মুক্তার আলি, এ কে এস স্বাধীন, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আরিফুল হক, আবু হায়দার রনি, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান জয়, সুনিল নারিন, মইন আলি এবং ফাফ ডু প্লেসি।