ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চ্যাম্পিয়ন্স লিগের আগে পিএসজিতে সুসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০২২
চ্যাম্পিয়ন্স লিগের আগে পিএসজিতে সুসংবাদ
ফাইল ছবি

রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) বহুল প্রতীক্ষিত ম্যাচটার আর বেশিদিন বাকি নেই। আসছে সপ্তাহেই রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মুখোমুখি হবে পিএসজি। এর ঠিক এক সপ্তাহ আগে দলটিকে বড় সুসংবাদই দিয়েছেন নেইমার।

সুসংবাদটা কি? দীর্ঘ দুই মাস পর পুরোদমে দলগত অনুশীলনে ফিরেছেন নেইমার। গেল নভেম্বরে সেইন্ট এতিয়েনের বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার ইভান মাকোর কড়া এক চ্যালেঞ্জ থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন তিনি। তাতে শুরুতে সফলও হয়েছিলেন।

তবে মাটি স্পর্শ করার সময় তার বাম পা পড়ে মাকোর ডান পায়ের ওপর। তাতেই বাজেভাবে তার বাম পা যায় মচকে। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। পরে জানা যায় সেই চোট বছরটাই শেষ করে দিয়েছে তার।

Advertisement

পিএসজি শিবিরে আশা ছিল, নেইমার ফিরবেন মধ্য ফেব্রুয়ারির আগেই। মাঝে কিছু শঙ্কা ছড়াচ্ছিল ফরাসি সংবাদ মাধ্যম। এলইকুইপে জানাচ্ছিল, নেইমারের ফেরার বিষয়ে যে আশা করেছিল পিএসজি, সে সময়ের চেয়ে বেশি সময়ও লাগতে পারে তাকে ফিরে পেতে। 

তবে সে শঙ্কা উড়িয়ে দিয়ে শেষমেশ পিএসজির আশাই পূরণ হয়েছে। নেইমার পুরো দমেই ফিরেছেন অনুশীলনে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগামী ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত দুটোয় মাঠে নামবে পিএসজি। তবে তার আগে অবশ্য কোচ মরিসিও পচেত্তিনোর শিষ্যদের লিগে আরো একটি ম্যাচ আছে। 

ফরাসি লিগ ওয়ানে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত দুটোয় লিওনেল মেসিরা মুখোমুখি হবেন রেনের। নেইমার অনুশীলনে ফিরে এলেও সেই ম্যাচের জন্য পুরোপুরি ফিট নন বলে জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম। 

যার ফলে আগামী শনিবারই নেইমারকে পিএসজির শুরুর একাদশে দেখার সম্ভাবনা কমই। তবে ধারণা করা হচ্ছে, প্রতিযোগিতামূলক ম্যাচের স্বাদ দিতে রেনের বিপক্ষে সেই ম্যাচের শেষ দিকে কিছু মিনিটের জন্য মাঠে আনা হতে পারে ব্রাজিলিয়ান এই তারকাকে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!