এইচএসসি পরীক্ষাতে পাস করলেন জাতীয় দলের দুই ফুটবলার
আন্তর্জাতিক ফুটবলে এখন বাংলাদেশের প্রতিচ্ছবি মূলত নারী ফুটবলাররা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার নানা পর্যায়ে দেশকে সাফল্য এনে দিচ্ছেন তারা। সেই নারী ফুটবলাররা অবশ্য অধিকাংশই অনূর্ধ্ব পর্যায়ে। বেশিরভাগই কলেজ পড়ুয়া। অবশ্য স্নাতক পর্যায়ে পড়ছেন কয়েকজন।
এবার বয়সভিত্তিক জাতীয় দলের ফুটবলারদের মাঝে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন দুই জন। তারা হলেন নিলুফা ইয়াসমীন নীলা ও মার্জিয়া আক্তার। দুই জনই পরীক্ষায় পাস করেছেন।
বিশেষ করে অসাধারণ ফলাফল করেছেন নীলা। বাণিজ্য বিভাগ থেকে ৪.৭৫ পয়েন্ট পেয়েছেন তিনি। এছাড়া মার্জিয়ার পয়েন্ট ৩.২৫। মাঠের খেলায় শিরোপা জেতার পাশাপাশি পরীক্ষার টেবিলেও দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন তারা।
.png)
এ বিষয়ে নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের নারী ফুটবল দলে পাশের হার শতভাগ। এজন্য খুব আনন্দিত। দুই জনই খেলার পাশাপাশি পড়াশোনাও করেছে। নীলা কুস্টিয়া থেকে ও মার্জিয়া কলসিন্দুর থেকে পরীক্ষা দিয়েছে। আগামী বছর আরো কয়েকজন এইচএসসি পরীক্ষা দেবে।’
পরীক্ষার ফলাফলের এমন সুখবরের দিনেও বিশ্রাম নেই তাদের। আজ রোববার সকালে অনুশীলনের পর বিকেলে জিম করেছেন তারা। সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগিতেই যেন সন্তুষ্টি তাদের।