ট্রফিগুলো মিস করবো তবুও ভ্যাকসিন নিব না: জোকোভিচ
প্রথম থেকেই করোনা ভ্যাকিসিন নিতে অনাগ্রহী সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। এখন বিশ্বের একনম্বর খেলোয়াড় সিদ্ধান্ত নিয়েছেন টেনিসের আসন্ন আসরগুলোর শিরোপা হাতছাড়া করবেন তবু করোনার ভ্যাকসিন নেবেন না। তিনি জানিয়েছেন, ফ্রেঞ্চ ও উইম্বলডন ওপেনে যদি করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক হয় তবে সেই টুর্নামেন্টগুলোতে অংশ নেবেন না তিনি।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, ভবিষ্যতের টেনিস ট্রফিগুলো মিস করবো তবু ভ্যাকসিন নিতে বাধ্য হবো না। আমি ভ্যাকসিন বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাই না, তবে একজন ব্যক্তির নিজস্ব পছন্দের অধিকারকে সমর্থন করি আমি।
তিনি ভ্যাকসিন বিরোধী নন, শৈশবে ভ্যাকসিন নেওয়ার অভিজ্ঞতা আছে বলেও জানান তিনি।
জোকোভিচ আরো বলেন, আমি বুঝতে পারছি যে,বিশ্বব্যাপী সবাই এই ভাইরাসটি (করোনা) নিয়ন্ত্রণে করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। আশা করছি, খুব শীঘ্রই এই ভাইরাসের অবসান হবে।
.png)
২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী জোকোভিচ গত মাসে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়েছিলেন। তবে অনেক নাটকের পর না খেলেই ফিরে যেতে হয়েছিল তাকে। করোনাভাইরাসের টিকা না নেয়ায় বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকাকে একরকম বের করেই দিয়েছিল অস্ট্রেলিয়া।
জোকোভিচ এরপর দেখেছেন রাফায়েল নাদালের রেকর্ড ২১তম গ্র্যান্ড স্লাম জয়। অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের ঐতিহাসিক জয়ের পর জোকোভিচ নাকি টিকা নেয়ার কথা ভেবেছিলেন। তবে এখন সেই ভাবনা থেকে ফিরে এসেছেন।
সূত্র: বিবিসি