ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির কাছ থেকে সুখবর পেলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১০, ১৬ ফেব্রুয়ারি ২০২২
আইসিসির কাছ থেকে সুখবর পেলেন মুশফিক
মুশফিকুর রহিম

বিপিএলের প্লে-অফ থেকে ছিটকে গেছে মুশফিকুর রহিমের দল খুলনা টাইগার্স। তবে এমন হতাশার মধ্যেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে সুখবর পেয়েছেন দেশের অন্যতম সেরা এ ক্রিকেটার।

ওয়ানডের ব্যাটিং র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন মুশি।

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে সেই সিরিজে ব্যাট হাতে সেঞ্চুরির পাশাপাশি তিন ম্যাচে ৭৯ গড়ে ২৩৭ রান করেন এ অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান। এবার সেটিরই পুরস্কার পেলেন তিনি।

Advertisement

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ওয়ানডে ফরম্যাটে ব্যাটার ও বোলারদের র‍্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি। আগে থেকেই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে সবার শীর্ষেই ছিলেন মুশফিক।

আপডেট করা র‌্যাংকিংয়ের আগে মুশফিকের অবস্থান ছিল ১৪তম। এবার তিন ধাপ এগিয়ে ১১তম পজিশনে উঠে এসেছেন তিনি। তার রেটিং ৭২৩।

এদিকে ৮৭৩ রেটিং নিয়ে সবার শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাবরের পরের অবস্থান বিরাট কোহলির। তার রেটিং ৮১১। পাশাপাশি ৭৯১ রেটিং নিয়ে তৃতীয় পজিশনে টিম ইন্ডিয়ার তারকা ওপেনার রোহিত শর্মা। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছেন কুইন্টন ডি কক এবং অ্যারন ফিঞ্চ।

এদিকে মুশফিকুর রহিমের পর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সেরা পজিশনে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৬৭০ রেটিং নিয়ে ১৯তম পজিশনে রয়েছেন দেশসেরা এ ওপেনার। ৬৪১ রেটিং নিয়ে ব্যাটিং র‌্যাংকিংয়ে ২৪তম অবস্থানে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশের টি-২০র অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডের র‌্যাংকিংয়ে ৩৭তম অবস্থানে রয়েছেন। তার রেটিং ৫৭১। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!