কোহলির ফর্মে ফেরার উপায় জানালেন রোহিত
সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির শতকের খরা ছিল আগে থেকেই। সম্প্রতি যোগ হয়েছে রান খরা। ভারতের সদ্য সাবেক অধিনায়কের ব্যাটে প্রত্যাশিত রানের দেখা নেই অনেকদিন। কোহলির এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন সীমিত ওভারে ভারতের নতুন অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত অবশ্য ক্ষেপেছেন গণমাধ্যমের ওপর। তার মতে, সাংবাদিকরা চুপ করলেই রানের ধারায় ফিরে আসবেন কোহলি। সম্প্রতি কোহলি ও রোহিতের সম্পর্ক নিয়ে গণমাধ্যমের অতি আলাপচারিতায় যে রোহিত ত্যক্ত-বিরক্ত, তা বুঝিয়ে দিয়েছেন স্পষ্টভাবে।
রান না পাওয়া কোহলির আত্মবিশ্বাসের ঘাটতি আছে কি না, এমন প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘বিরাট কোহলির আত্মবিশ্বাসের দরকার? এসব কী কথাবার্তা বলছেন আপনারা!’
.png)
তিনি বলেন, ‘আমার মনে হয়, আপনারাই যত নষ্টের গোড়া। কোহলির এই অফ ফর্ম নিয়ে মিডিয়ায় এত বেশি করে কথা হচ্ছে বলেই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদি আপনারা (সংবাদমাধ্যম) থেমে যান, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আপনারা যদি চুপ করে যান, তাহলেই সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যাবে।’
কোহলির আত্মবিশ্বাস বা ফর্ম নিয়ে কোনো সন্দেহ নেই রোহিতের। কোনো চাপও যে কোহলিকে টলাতে পারে না, তা-ও ভালো করে জানা আছে রোহিতের। তিনি বলেন, ‘ও এই মুহূর্তে যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। বিগত এক দশক ধরে কোহলি ভারতীয় ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অঙ্গ। আন্তর্জাতিক ক্রিকেটে ওর অবদান প্রচুর। খুব ভালো করেই ও জানে কীভাবে এই চাপ সামলাতে হয়।’
রোহিত মনেপ্রাণে বিশ্বাস করেন, গণমাধ্যম একটু নীরব থাকলেই রানে ফিরবেন কোহলি। তার ভাষায়, ‘তাই এটা আমার মনে হয় যে দেশের সংবাদমাধ্যমের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা যদি চুপ করে থাকেন, তাহলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।’