পিএসএল থেকে ৯০০ মিলিয়ন রুপি লাভ করেছে পিসিবি
জমজমাট প্রতিযোগিতার মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর। এবারের আসরে অধিনায়ক শাহিন আফ্রিদির হাত ধরে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। প্রতিযোগিতা শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান জানিয়েছেন, এই লিগ থেকে প্রচুর লাভ হয়েছে তাদের।
এবারের প্রতিযোগিতা থেকে সকল দল এবং বোর্ডের লাভ হয়েছে বলেই জানিয়েছেন পিসিবি প্রেসিডেন্ট রমিজ রাজা। তিনি বলেন, এবার পিএসএল থেকে ৭১ শতাংশ বেশি লাভ হয়েছে। পাকিস্তান সুপার লিগের ইতিহাসে যা সব থেকে বেশি।
লাভের অঙ্কটা রীতিমতো চোখ কপালে তোলার মতো। রমিজের ভাষায়, আমাদের প্রায় ৯০০ মিলিয়ন রুপি (বাংলাদেশি মানে প্রায় ৪৩ কোটি টাকা) লাভ হয়েছে। পরের বার আমরা প্রতিটা দলের জায়গায় খেলার চেষ্টা করব যাতে আরো সমর্থক বাড়ে।
.png)
পরের বার আরো নতুন কিছু মাঠে ম্যাচ আয়োজনের ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রমিজ। তিনি বলেন, কোনো সন্দেহ নেই যে এবারের পাকিস্তান সুপার লিগ অনেক বেশি সফল। করাচি এবং লাহোরে প্রচুর সমর্থক থাকার কারণেই এটা সম্ভব হয়েছে। আমার ক্যারিয়ারে এমন সমর্থন দেখিনি।
গত ছয় বছরের মধ্যে পাঁচ বার লাহোর নক আউটেই উঠতে পারেনি। ফাইনালে উঠেছিল মাত্র এক বার। ২০২০ সালে ফাইনালে উঠেছিল লাহোর। তারাই এক মাত্র দল যারা মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানকে এই মৌসুমে দু’বার হারিয়ে দিয়েছে। একইসঙ্গে জিতেছে নিজেদের প্রথম শিরোপা।