তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে আফগানিস্তান ক্রিকেট দল। দলের সঙ্গে আছেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খানও। তবে মাঠে অবশ্য সুবিধা করতে পারছে না সফরকারীরা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়ে বসেছে তারা।
এরই মধ্যে আজ গুঞ্জন ওঠে, বাকি থাকা এক ওয়ানডে না খেলে পাকিস্তানে চলে যাবেন রশিদ। তার দল লাহোর কালান্দার্স গত রাতে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠে গেছে। পাক সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, তৃতীয় ওয়ানডে না খেলে রশিদ খান খেলবেন সেখানেই!
.png)
রশিদের দল লাহোর গত রাতে ইসলামাবাদ ইউনাইটেডকে হারায়। এর মাধ্যমে দলটি পৌঁছে গেছে পাকিস্তান সুপার লিগের ফাইনালে। আগামীকাল রোববারের ফাইনালে দলটি খেলবে মুলতান সুলতানসের বিপক্ষে। তবে এই ফাইনালে খেলবেন না রশিদ।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি কালান্দার্সের এই অলরাউন্ডার পিএসএলের দল ছেড়ে বাংলাদেশে আসেন। যোগ দেন আফগান দলের ক্যাম্পে। বাংলাদেশে পা রাখার আগে লাহোর দল থেকে দারুণ এক বিদায়ী সংবর্ধনা পেয়েছিলেন তিনি। দল ছাড়ার আগে কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি জড়িয়ে ধরেছিলেন তাকে।