গেইলকে ছাড়িয়ে নতুন উচ্চতায় ওয়ার্নার
টি-২০র ফেরিওয়ালা ও ‘ইউনিভার্স বস’ খ্যাত ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে পেছনে ফেললেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। টি-২০ ফরম্যাটে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির মালিক এখন তিনি।
মুম্বাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫০তম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন দিল্লি ক্যাপিটালসের ওয়ার্নার। ৫৮ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৯২ রান করেন এই ব্যাটার।
টি-২০ ক্রিকেটে এটি ছিলো ওয়ার্নারের ৮৯তম হাফ সেঞ্চুরি। গেইলের আছে ৮৮টি হাফ সেঞ্চুরি। ফলে গেইলকে টপকে টি-২০ ক্রিকেটে এখন সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির মালিক ওয়ার্নার।
.png)
সংক্ষিপ্ত ভার্সনে ৪৬৩ ম্যাচে ২২টি সেঞ্চুরি ও ৮৮টি হাফ সেঞ্চুরিতে ১৪৫৬২ রান করেছেন গেইল। আর ৩২১ ম্যাচে ৮টি সেঞ্চুরি ও ৮৯টি হাফ সেঞ্চুরিতে ১০৬৬৪ রান করেছেন ওয়ার্নার।
টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় গেইল শীর্ষে ও ওয়ার্নার চতুর্থ স্থানে রয়েছেন।
সর্বশেষ এই ইনিংস খেলার পথে ৪শ তম ছক্কার মাইলফলকও স্পর্শ করেছেন ওয়ার্নার। টি-২০তে ৪০১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ১০৫৬টি ছক্কা মেরে পাহাড়ের চূড়ায় গেইল।