পিএসজির সঙ্গে চুক্তি শেষ করে অবশেষে জুভেন্টাসে যোগ দিতে বৃহস্পতিবার রাতে তুরিনে পৌঁছেছেন অ্যাঞ্জেল মারিয়া। ডাক্তারি পরীক্ষা শেষে সিরি আ লিগের ওই ক্লাবের সঙ্গে এক বছরের জন্য চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তার বেতন ধরা হয়েছে ৭০ লাখ ইউরো। কাতারের আসন্ন শীতকালিন বিশ্বকাপের আগেই জুভেন্টাসে যোগ দিতে যাচ্ছেন ৩৪ বছর বয়সি এই আর্জেন্টাইন।

.png)
প্যারিসের ক্লাব পিএসজি ডি মারিয়ার সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন না করলে ফরাসি চ্যাম্পিয়নদের ছেড়ে চলতি মৌসুমে জুভেন্টাসে যোগ দেন তিনি। গত গ্রীষ্মে স্বদেশী লিওনেল মেসি প্যারিসে যোগ দেয়ায় ডি মারিয়ার অবস্থান নড়বড়ে হয়ে যায়।
তিনি পিএসজির হয়ে ২৯৫টি ম্যাচ খেলেছেন। দীর্ঘ ৭ বছর ফরাসি রাজধানীতে অবস্থানকালে ৯৫টি গোল করার পাশাপাশি সহায়তা করেছেন ১১২টি গোলে। ক্লাবটির হয়ে ঐ সময় তিনি ৫টি করে লিগ ও কাপ শিরোপা জিতলেও বঞ্চিত হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা থেকে।
অ্যাঞ্জেল ডি মারিয়ার সঙ্গে ফরাসি মিডফিল্ডার পল পগবাকেও সই করিয়েছে জুভেন্টাস। ৬ বছর ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়ে আবারো পগবা যোগ দিচ্ছেন তুরিনের ক্লাবটিতে। গত মৌসুমের সিরি এ লিগের শিরোপা জয়ী এসি মিলানের চেয়ে ১৬ পয়েন্টে পিছিয়ে তালিকার চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করেছে জুভেন্টাস।