ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টিনা ব্যর্থ হলেও কোপার ফাইনালে এবারও ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৮, ২৭ জুলাই ২০২২
আর্জেন্টিনা ব্যর্থ হলেও কোপার ফাইনালে এবারও ব্রাজিল
ফাইল ফটো

নারীদের কোপা আমেরিকায় চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ব্যর্থ হলেও ফাইনালে উঠেছে ব্রাজিল। প্রতি আসরের মতো এবারও সেই জয়ের ঐতিহ্য ধরে রাখল নারী ফুটবল দল।

বুধবার প্যারাগুয়েকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। আগামী ৩১ জুলাই স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে ব্রাজিল।

Advertisement

ব্রাজিল নারী ফুটবল দলের কোপার সাফল্য শুরু থেকেই। ১৯৯১ সালে শুরু হওয়া নারীদের কোপা আমেরিকায় প্রতিবারই ফাইনাল খেলেছে ব্রাজিল। ২০০৬ বাদে প্রতিবারই শিরোপাও জিতেছে তারা। সে বছর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরেছিল তারা। 

এবারও শিরোপার দ্বারপ্রান্তে ব্রাজিল। টুর্নামেন্টে একটিও গোল না খাওয়া ব্রাজিলের দরকার আর এক জয়। তাও টুর্নামেন্টের স্বাগতিক দল কলম্বিয়ার বিপক্ষে। কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে প্রথমার্ধের মাত্র ২৮ মিনিটের মধ্যেই প্যারাগুয়ের জালে দুইবার বল পাঠায় ব্রাজিল। শেষ পর্যন্ত দুই গোলেই শেষ বাঁশি বাজে। 

ম্যাচে পুরো ৯০ মিনিট  দাপুটে ফুটবল খেলেছে ব্রাজিল। শক্তিমত্তায় ঢের পিছিয়ে থাকা প্যারাগুয়ে ব্রাজিলের ক্ষুরধার আক্রমণভাগের গোল উৎসবই শুধু রুখতে পেরেছে। তবে ৯০ মিনিটে নিজেদের ম্যাচে ফেরার ন্যূনতম সম্ভাবনাও জাগাতে পারেনি।

ম্যাচের ১৬ মিনিটেই বিয়াত্রিজ জানেরাত্তোর অ্যাসিস্টে ব্রাজিলকে এগিয়ে দেন মিডফিল্ডার আরি বোর্হেস। ২৮ মিনিটে বিয়াত্রিজ নিজেই প্যারাগুয়ের জালে বল জড়িয়ে ব্যবধান বাড়ান। প্রথমার্ধের বাকি সময় এবং দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ের গোলমুখে আরো বেশকিছু আক্রমণ করেছেন। তবে ফিনিশিং ব্যর্থতা এবং প্যারাগুয়ের গোলরক্ষকের দৃঢ়তায় আর লক্ষ্যভেদ করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

২০১৮ সালে স্বাগতিক চিলিকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। এবার তাদের সামনে আরেকটি সুযোগ স্বাগতিকদের হারিয়ে টুর্নামেন্টের অষ্টম শিরোপা ঘরে তোলা। 

আগামী ৩১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় এস্তাদিও আলফনসো লোপেজে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল এবং প্রথমবারের মতো ফাইনালে খেলা কলম্বিয়া।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!