ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এখন ম্যানসিটিরও ‘মেসি’ আছে!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৪, ৯ আগস্ট ২০২২
এখন ম্যানসিটিরও ‘মেসি’ আছে!
লিওনেল মেসি

ব্যক্তিগত ক্যারিয়ারে অসংখ্য কীর্তি গড়েছেন লিওনেল মেসি। সবচেয়ে বেশি ব্যালন ডি’অর আর ফিফা বর্ষসেরা পুরস্কার জেতার কীর্তি তার। এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড থেকে শুরু করে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন তিনি। 

এমন সব কীর্তির কারণে মেসিকে মতো আর কাউকে সহসাই দেখা যাবে না, এমন কথা বলেছেন অনেকেই। তবে তার সাবেক কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, মেসির সঙ্গে মিল আছে, এমন এক খেলোয়াড় আছেন তার দলে।

২-০ গোলের জয় দিয়ে নিজেদের লিগ মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট হ্যামের বিপক্ষে সেই ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছেন আর্লিং হালান্ড। প্রথমার্ধের পেনাল্টির পর দ্বিতীয়ার্ধেও পেয়েছেন প্রতিপক্ষ জালের দেখা।

Advertisement

প্রিমিয়ার লিগ অভিষেকেই এমন পারফরম্যান্সে আর কেউ হলে তৃপ্তির ঢেঁকুরই তুলে বসতেন, কিন্তু তা তিনি করেননি। ‘ধুর, হ্যাটট্রিকটা পেলাম না!’-ম্যাচ শেষে এই বলতে বলতে ফেরেন তিনি। সেটাই কানে গিয়েছে গার্দিওলার।

হালান্ডের এই মনোভাবটা মনে ধরেছে গার্দিওলার। তিনি বললেন, ‘এটা ভালো, এটা আমার পছন্দ হয়েছে।’ হালান্ডের এই প্রতিক্রিয়া গার্দিওলাকে মনে করিয়ে দিচ্ছে মেসির স্মৃতি। আর্জেন্টাইন তারকার বছরে ৯১ গোলের কীর্তির শুরুটা হয়েছিল স্প্যানিশ এই কোচের হাত ধরেই।

কী করে সেই কীর্তি গড়েছিলেন মেসি, গোল করে চলেছেন এখনো, সেটাই জানালেন তিনি। ম্যানচেস্টার সিটি কোচের ভাষ্য, ‘মেসির কোচিং করানোর সৌভাগ্য আমার হয়েছিল। সে যখন দুই গোল করত, তখন সে তিন গোলের চেষ্টা করত, তিনটা করলে চতুর্থ গোলের জন্য ক্ষুধার্ত থাকত।’ 

হালান্ডের এই ক্ষুধাটাকে গার্দিওলার মনে হচ্ছে মেসির মতোই। নিদেনপক্ষে শীর্ষ মানের গোলস্কোরারদের মতো তো বটেই। গার্দিওলা , ‘শীর্ষ মানের গোলস্কোরারদের কখনো তৃপ্তি থাকে না মনে। তারা সবসময় ক্ষুধার্ত থাকে, আরো বেশি গোল করতে চায়।’

তবে এর আগের সপ্তাহেই সহজ এক গোলের সুযোগ নষ্ট করে তোপের মুখে পড়েছিলেন হালান্ড। স্প্যানিশ কোচের মতে সেই চাপটা ভালোভাবেই সামলেছেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। বললেন, ‘আমি জানি কীভাবে সে গেল সপ্তাহের সমালোচনাটা সহ্য করেছে, সে একেবারে শান্ত ছিল।’

পেপ যোগ করেন, ‘বেশ ভালোভাবে অনুশীলন করেছে সে। তবে যেভাবে সে পেনাল্টির জন্য সুযোগটা এনেছে, তাতে আমার বলতেই হচ্ছে, ‘আমার এটা পছন্দ হয়েছে’। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!