দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় চলমান এ বৈঠক থেকে আসতে পারে বেশ কিছু বড় সিদ্ধান্ত। এমনকি বেটউইনার নিউজ সম্পর্কিত সাকিবের চুক্তির বিষয়ে আসতে পারে মধুর শাস্তির খড়গও।
আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা ও বেটউইনার নিউজ সম্পর্কিত সাকিবের বিতর্ক নিয়ে এখন চলছে রূদ্ধদ্বার বৈঠক। বিতর্কিত বেটউইনার নিউজের চুক্তি বাতিলের পর মধুর শাস্তিই অপেক্ষা করছে সাকিবের জন্য। আর তা হলো সাকিব এবারের এশিয়া কাপের পুরো স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন এটা প্রায় নিশ্চিত। এর সঙ্গে হয়তো পূরোনোদের দু-একজনকে তার দলে টানতে পারেন তিনি।
.png)
শনিবার বিকেলে বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের গুলশানের নিজ বাসায় সাকিবের সঙ্গে চলমান বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠক শেষেই আসবে ঘোষণা।
বেটউইনার নিউজ সম্পর্কিত বিতর্ক নিয়ে আলোচনা করতে ১২ আগস্ট শুক্রবার দিবাগত রাত ৩টায় দেশে ফেরেন সাকিব আল হাসান। সকালে বিশ্রাম নিয়ে বিকেল সোয়া ৩টার দিকে নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে যান সাকিব। সাকিবের পর বিকেল সাড়ে ৩টার দিকে পাপনের বাসায় প্রবেশ করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
তারপরই একে একে আসেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, নির্বাচক হাবিবুল বাশার সুমন, পরিচারক জালাল ইউনুস। এরপরই শুরু হয় বৈঠক। এছাড়াও বৈঠকে বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আজকের এ বৈঠকে আলোচনা হওয়ার কথা টি-২০ দলের অধিনায়কত্ব ইস্যু নিয়ে। বোর্ড সূত্রে খবর, এশিয়া কাপ সামনে রেখে সাকিবকেই ফের টি-২০ দলের অধিনায়ক করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, এশিয়া কাপের দল নির্বাচন করে নির্বাচকরা এরই মধ্যে বিসিবি সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন এই দলটি নিয়েই সাকিব এবং খালেদ মাহমুদ সুজনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিসিবি সভাপতি।
এশিয়া কাপের দল চূড়ান্তকরণ ছাড়াও বেটউইনারের সঙ্গে চুক্তির বিষয়টাও থাকছে পাপনের বাসার এ মিটিংয়ে।
গত ৮ আগস্ট এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করার কথা ছিল। কিন্তু বেটউইনার নিউজ কাণ্ডে সাকিবের সঙ্গে বিসিবির মতবিরোধের ফলে সেটা পিছিয়ে যায়। এছাড়া গুঞ্জন আছে সাকিবকে টি-২০ ফরম্যাটের নেতৃত্বভার দিতে চায় বিসিবি। আজ বৈঠক শেষেই যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, তা নিশ্চিত বলা যায়।
এছাড়া ছোটখাটো আরো বেশ কিছু বিষয় নিয়ে আজকের বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যা দেশের ক্রিকেটের ভবিষ্যতের ক্ষেত্রে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।