আর্জেন্টিনার হয়েও মাঠে নামলেই তার পা থেকে আসে গোল। এর আগে পিএসজির হয়ে গোলের মধ্যেই ছিলেন, এবার ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দিয়ে অভিষেকেই গোল করে এবং করিয়ে শুরু করলেন নতুন মৌসুম। ডি মারিয়া তার সহজাত দ্যুতি ছড়িয়ে ছুটে চলেন আপন গতিতে।
সোমবার ডি মারিয়ার দ্যুতিময় পারফরম্যান্সে ভর করে বড় জয় দিয়ে মৌসুম শুরু করলো জুভেন্টাস। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের গোলের সঙ্গে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের জোড়া গোলে সাসুলোকে ৩-০ গোলে হারিয়ে জয় পায় তারা।
.png)
জুভেন্টাসের জার্সি গায়ে অভিষেকেই প্রথম গোল করেন মাত্র ২৬ মিনিটে। অ্যালেক্স সান্দ্রোর ক্রসে দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়ে ‘তুরিনের বুড়ি’দের হয়ে গোলের খাতা খোলেন তিনি।
কেবল নিজেই গোল করেননি, দ্বিতীয়ার্ধে দারুণ এক পাসে ভ্লাহোভিচের গোল বানিয়েও দিয়েছেন। অবশ্য অভিষেকের শেষটা সুখকর হয়নি ডি মারিয়ার। অ্যাবডাক্টর চোট নিয়ে ৬৬ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
খেলা শেষে জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানিয়েছেন, মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষার পর চোটের গভীরতা সম্পর্কে জানা যাবে।