লিগ ওয়ানে গত শনিবার নেইমারের জোড়া গোলে মপেঁইকে ৫-২ এ উড়িয়ে দিয়েছিল পিএসজি। দারুণ এই জয় ছাপিয়ে আলোচনায় কিলিয়ান ও নেইমারের বর্তমান বৈরি সম্পর্ক। তবে গণমাধ্যমে চাউর হয়েছে এমবাপেকে শায়েস্তা করতে মেসি-নেইমার নাকি এক হয়েছেন।
গণমাধ্যমের খবর, ম্যাচ শেষে ড্রেসিংরুমে দুজন বাগবিতণ্ডার পর নেইমার আর কিলিয়ান এমবাপের মধ্যে নাকি এক দফা হাতাহাতিও হয়ে গেছে। তখন তাদের সতীর্থরা এগিয়ে এসে তাদের আলাদা করেন।
.png)
‘স্পোর্টস বাইবেল’-এর প্রতিবেদন, শনিবার রাতে মপলিয়েরের বিপক্ষে পিএসজি বড় জয় পেলেও পেনাল্টিকে কেন্দ্র করে ড্রেসিংরুমে গিয়ে ‘মারামারি’ বাঁধিয়েছেন নেইমার-এমবাপে। এরপর থেকে তাদের সম্পর্কের মধ্যে চলছে টানাপোরেন।
তবে এবার এমবাপেকে শায়েস্তা করতে সাবেক দুই বন্ধু মেসি-নেইমার এক হয়েছেন। সাবেক দুই বার্সেলোনা ফরোয়ার্ড মিলে এবার কিলিয়ান এমবাপেকে শায়েস্তা করার পরিকল্পনায় আছেন, জানাচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যম।
পিএসজির সঙ্গে আগের চুক্তিটা গেল জুনেই শেষ হয়ে যাচ্ছিল এমবাপের। গ্রীষ্মকালীন দলবদলেই তিনি পাড়ি জমাচ্ছেন রিয়াল মাদ্রিদে, এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল বেশ। তবে শেষমেশ রিয়াল মাদ্রিদকে না বলে পিএসজির সঙ্গেই চুক্তি নবায়ন করেন ফরাসি এই স্ট্রাইকার।
নতুন চুক্তি অনুসারে আগামী ২০২৫ পর্যন্ত পিএসজিতে থাকবেন তিনি। গুঞ্জন আছে, এই চুক্তির ফলে মেসি, নেইমার, রোনালদোদের ছাপিয়ে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারে পরিণত হয়েছেন তিনি।
এখানেই শেষ নয়, গুঞ্জন আছে তার পিএসজির ক্রীড়া প্রকল্পসহ বিশেষ কিছু সিদ্ধান্ত নিয়ন্ত্রণের সুযোগ পাওয়া নিয়েও। যার ফলে পিএসজির তারকায় ঠাসা ড্রেসিং রুমে সবচেয়ে বেশি শক্তিটা এখন এমবাপেরই।
স্প্যানিশ দৈনিক এল নাসিওনাল দলটির ভেতরের খবর প্রকাশ করে জানায়, এমবাপের এমন বাড়ন্ত স্পর্ধায় লাগাম টানতে এবার মেসি একজোট হয়েছেন নেইমারের সঙ্গে। তাতে আবার সায় আছে ড্রেসিং রুমের একটা বিশাল অংশেরও। যার ফলে কার্যত এমবাপে হয়ে গেছেন একঘরেই।
এ খবরে এমবাপে চটেছেনও বেশ। পরিস্থিতিটা বদলাতে এবার তিনি আলোচনায় বসতে চান ক্লাব কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে, জানাচ্ছে এল নাসিওনাল।
তবে সব মিলিয়ে খেলার মাঠ ছাপিয়ে পিএসজির সাজঘর গরম হয়ে গেছে মৌসুমের শুরুতেই। এ অবস্থা কতদিন চলে সেটাই এখন দেখার বিষয়।