আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গত মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল সংস্থা চাওয়ায় বিশ্বকাপের বাছাইয়ে স্থগিত থাকা ম্যাচটি বাতিল করেছে ফিফা। তবে ক্রীড়া আদালতে আপিল করেও ফিফার শাস্তি থেকে নিস্তার পায়নি এএফএ। দুই দলকেই নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে।
গত বছরের ৫ সেপ্টেম্বর সাও পাওলোয় আর্জেন্টিনার চার ফুটবলারের বিরুদ্ধে কোভিডবিধি লঙ্ঘনের অভিযোগ এনে দুই পরাশক্তির লড়াইয়ের মাঝে বাধা দেন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। খেলা মাত্র সাত মিনিট মাঠে গড়ানোর পর স্থগিত হয়ে যায় ম্যাচটি।
.png)
এদিকে আগে থেকেই ঘোষণা দেয়া ছিল, বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। তবে উয়েফা নেশন্স লিগের ম্যাচ থাকায় ইউরোপের কোনো বড় দল তাদের বিপক্ষে খেলতে রাজি হয়নি।
এখন জানা গেছে, হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে মেসির দল। আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডায়ারিও ওলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
আর্জেন্টিনার ইচ্ছা ছিল কনকাকাফের কোনো দলের বিপক্ষে খেলার। সে ক্ষেত্রে মেক্সিকো ও কানাডার কথা ভাবছিল তারা। কিন্তু কাতার বিশ্বকাপে মেক্সিকোর সঙ্গে একই গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে সেপ্টেম্বরের বিরতিতে জাপান ও উরুগুয়ের বিপক্ষে খেলবে কানাডা।
তাই হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষেই খেলতে হবে আর্জেন্টিনাকে। নিজেদের শেষ ১৪ ম্যাচের একটিতেও জয় পায়নি হন্ডুরাস। অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ে দুই জয়ে ষষ্ঠ অবস্থানে থেকে শেষ করেছে জ্যামাইকা।