বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শততম উইকেট শিকার করেছেন ব্রড। প্রথম বোলার হিসেবে আগেই এই ভেন্যুতে শততম উইকেটের মালিক হয়েছিলেন ব্রডের দীর্ঘদিনের সতীর্থ জেমস অ্যান্ডারসন।
লর্ডসে চলমান টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার কাইল ভেরিনিকে আউট করে এই ঐতিহাসিক ভেন্যুতে শততম শিকার পূর্ণ করেন ৩৬ বছর বয়সী ব্রড।
.png)
লর্ডসে ২৭ টেস্টে ১১৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন অ্যান্ডারসন। আর ২৬তম টেস্টে ১০০ উইকেট আছে ব্রডের। এই তালিকায় তৃতীয়স্থানে আছেন ইয়ান বোথাম। ১৫ টেস্টে ৬৯ উইকেট শিকার করেছেন তিনি।
এছাড়া বিশ্বের চতুর্থ বোলার হিসেবে একটি ভেন্যুতে ১০০ উইকেট শিকারের নজির গড়লেন ব্রড। এর আগে এক ভেন্যুতে তিনি ও অ্যান্ডারসন ছাড়াও ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন ও রঙ্গনা হেরাথ।
এক দিক দিয়ে অবশ্য সবাইকে ছাড়িয়ে গেছেন মুরালিধরণ। তিনি আলাদা তিনটি ভেন্যুতে ১০০ উইকেট শিকার করেছেন, যা আরেকটি বিশ্বরেকর্ড।
মুরালিধরন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ১৬৬টি, ক্যান্ডির আসগিরিয়া স্টেডিয়ামে ১১৭টি ও গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১১১টি উইকেট নিয়েছেন। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১০২টি উইকেট আছে হেরাথের।