অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পরই ইংল্যান্ড দলে বড় পরিবর্তনের বিষয়টি আঁচ করা যাচ্ছিল। পরিবর্তনটা শুরু হয় মাঠের বাইরে থেকে। ব্যাটিং কোচের দায়িত্ব হারান গ্রাহাম থর্প। প্রধান কোচ ক্রিস সিলভারউডও পদত্যাগ করেছেন।
এবার সেই পরিবর্তনের হাওয়া লাগল মাঠে। টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন অ্যাশেজে তিন ম্যাচে নেন ৮ উইকেট। স্টুয়ার্ট ব্রড শিকার করেন ১৩ উইকেট। তাদের বদলে নতুনদের সুযোগ দিতে চায় ইংল্যান্ডের পরিচালকরা।
.png)
দলে রাখা হয়েছে টেস্ট অভিষেক না হওয়া সাকিব মাহমুদ ও ম্যাথু ফিশারকে। ইংল্যান্ডের হয়ে টেস্ট না খেললেও ৭ টি আন্তর্জাতিক ওয়ানডে এবং ১২ টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন এ ডানহাতি পেসার। ওয়ানডেতে তার রয়েছে ১৪ উইকেট ও টি-২০তে রয়েছে ৭ উইকেট।
জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ম্যাথু ফিশার। ২৪ বছর বয়সী এ ডানহাতি পেস বোলার ২১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ৬৩ উইকেট।
আগামী ৮ মার্চ স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট শুরু হবে যথাক্রমে ১৬ ও ২৪ মার্চ।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, অ্যালেক্স লিস, ম্যাথু ফিশার, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাট পার্কিনসন, অলি পোপ, অলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।