ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

রাবাদা যেখানে ১২২ বছরের মাঝে সেরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৬, ১৯ আগস্ট ২০২২
রাবাদা যেখানে ১২২ বছরের মাঝে সেরা
কাগিসো রাবাদা

২০১৭ সালে প্রথম সুযোগে পারেননি কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে দ্বিতীয় সুযোগ পেয়ে আর ভুল করেননি। দারুণ বোলিংয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলে ফেলেছেন তিনি। সেই সঙ্গে পরিসংখ্যানগত দিক থেকে একটি বিভাগে করেছেন ১২২ বছরের মাঝে সেরা পারফরম্যান্স।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫২ রানে ৫ উইকেট নিয়েছেন রাবাদা। তার বোলিং তোপে ইংলিশরা অলআউট হয়েছে ১৬৫ রানে। এই ইনিংস পর্যন্ত ৫৩ টেস্টে রাবাদার উইকেট সংখ্যা ২৪৮টি।

এখন পর্যন্ত ১২বার ইনিংসে ৫ উইকেট নেয়া রাবাদার গড় ২২.১৬। বোলিং গড়টা নিঃসন্দেহে অসাধারণ। তবে টেস্টে যারা ১০০ বা ২০০ উইকেট পেয়েছেন তাদের অনেকেরই এর চেয়ে কম গড় আছে।

তবে হিসাবটা যখন স্ট্রাইক রেটের, রাবাদার চেয়ে ভালো আর কেউই নেই। টেস্টে এই মুহূর্তে রাবাদার স্ট্রাইক রেট ৪০.৪! অর্থাৎ, প্রতি ৪০.৪ বলে একটি করে উইকেট পেয়েছেন ২৭ বছর বয়সী ফাস্ট বোলার। 

টেস্টে যারা ন্যুনতম ১০০ উইকেট শিকার করেছেন তাদের মধ্যে রাবাদার স্ট্রাইক রেটই এখন সবচেয়ে ভালো। মোটাদাগে বললে এটি গত ১২২ বছরের সেরা। তাকে টেস্টে বর্তমান সময়ের সেরা বোলার বললে হয়তো অত্যুক্তি হবে না মোটেও।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!