ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইফোন ১৩ প্রো ম্যাক্সসহ আড়াই লাখ টাকা পেলেন ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৫, ২৪ সেপ্টেম্বর ২০২২
আইফোন ১৩ প্রো ম্যাক্সসহ আড়াই লাখ টাকা পেলেন ফুটবলাররা
ফাইল ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে বুধবার নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপা জয়ীদের বরণ করে নিতে ছিল ব্যাপক আয়োজন। এর মাঝেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।

ফাইনালে জোড়া গোল করা কৃষ্ণা রানি সরকার ও সামসুন্নাহার সিনিয়রের ব্যাগ থেকে টাকা চুরি হয়। এছাড়া ফোন হারিয়েছিলেন সানজিদা। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা খানম কিরণ বিষয়টি নিয়ে জানান, লাগেজে কৃষ্ণা রানীর ৯০০ ও সামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার ছিল।

Advertisement

এদিকে এক বিবৃতির মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে ফুটবলারদের দাবি সত্য নয়। এ অবস্থায় চুরি হওয়া সেই টাকা না পাওয়া গেলে বাফুফের পক্ষ থেকে কৃষ্ণাদের সেই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল।

কিরণ এ সম্পর্কে বলেছিলেন, ‘ওরা বাচ্চা মেয়ে। এটা ওদের কাছে অনেক বেশি টাকা। এই টাকাটা যদি না পাওয়া যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্যই আমরা উদ্যোগ নিব এটা ওদেরকে দেওয়ার জন্য।’

নিজেদের কথা রেখেছে বাফুফে। আজ ক্ষতিগ্রস্ত হওয়া তিন ফুটবলারকেই ক্ষতিপূরণ দিয়েছে সংস্থাটি। কৃষ্ণা পেয়েছেন দেড় লাখ টাকা। সামসুন্নাহার সিনিয়র এক লাখ টাকা পেয়েছেন। এছাড়া আরেক ফুটবলার সানজিদা পেয়েছেন আইফোন ১৩ প্রো ম্যাক্স।

এর আগে একটি বেসরকারি টেলিভিশনকে কৃষ্ণা জানিয়েছিলেন, ‘যেহেতু দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল। তাই আমরা আমাদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা।’

তিনি আরো বলেন, ‘ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরো অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!