ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে প্রযুক্তি খাতে মেসির বিনিয়োগ

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৭:৫৭, ২১ অক্টোবর ২০২২
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে প্রযুক্তি খাতে মেসির বিনিয়োগ
ছবি: সংগৃহীত

ক্রীড়াঙ্গনের তারকাদের ব্যবসায় নাম লেখানো নতুন কিছু নয়। ক্রিস্টিয়ানো রোনালদো নিজের নামকে তো একটা ব্র্যাণ্ডেই রূপান্তরিত করেছেন। তাহলে মেসি কেন বাদ যাবেন? বসে থাকেননি আর্জেন্টাইন এই তারকাও। এবার প্রযুক্তি খাতে বিনিয়োগ করেছেন তিনি।  

ক্যারিয়ারের শেষ সময়ে এসে নিজের ভবিষ্যতের কথা ভেবেই মেসির ব্যবসায়ে নামার এমন সিদ্ধান্ত। আগে থেকেই বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ড, আবাসন, হোটেল ব্যবসা ছিলো মেসির। এবার নতুন  করে বিনিয়োগ করলেন ক্রীড়া প্রযুক্তি খাতে।

গতকাল নতুন এক প্রতিষ্ঠানে বিনিয়োগের ঘোষণা দিয়েছেন মেসি। প্লে টাইম স্পোর্টস-টেক নামের প্রতিষ্ঠানটির কাজ হবে খেলাধুলায় নতুন প্রযুক্তির উদ্ভাবন। যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তির রাজধানী বলে খ্যাত সিলিকন ভ্যালি হবে প্রতিষ্ঠানটির ঠিকানা।

খেলাধুলায় নতুন প্রযুক্তি উদ্ভাবনে এবং প্রজন্মকে সামনে এগিয়ে নিতে বিনিয়োগ করবে প্লে টাইম। এছাড়াও এমন অনেক মেধাবী উদ্যোক্তা আছেন, যারা নিজেদের প্রতিভা কাজে লাগাতে চান; তাদের পেছনেও বিনিয়োগ করবে মেসির এই প্রতিষ্ঠান।

নতুন বিনিয়োগ নিয়ে বেশ উচ্ছ্বাসিত মেসি। এ বিষয়ে ঘোষণা দিয়ে মেসি বলেছেন, ‘সিলিকন ভ্যালিতে আমাদের ব্যবসা ছড়িয়ে দিতে পারায় আমি আনন্দিত। আমি রোমাঞ্চিত এই ভেবে যে প্লে টাইম এখন থেকে বিশ্বের সাহসী উদ্যোক্তাদের সঙ্গেও কাজ করবে।’

প্লে টাইমে মূলত মেসির ভূমিকা থাকছে বিনিয়োগকারী হিসেবে। তিনি আর্থিক দিক দিয়ে প্রতিষ্ঠানটির অংশীদার হবেন। প্রতিষ্ঠানের মূল ভূমিকায় থাকছেন বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রাফ ভেঞ্চারের অংশীদার রাজমিগ হোভাগহিমিয়ান।

রাজমিগ হোভাগহিমিয়ান একজন মেধাবী উদ্যোক্তা। তরুণ এই উদ্যোক্তার ম্যাচডে ডটকম নামের আরেকটি প্রতিষ্ঠান রয়েছে। এরইমধ্যে সেখানেও বিনিয়োগ করে অংশীদার হয়েছেন মেসি। 

জানা গেছে আগামী মাসে কাতার বিশ্বকাপের আগে পথচলা শুরু হবে ম্যাচডে ডটকমের।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!