ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। এমনকি এ ফরম্যাটে ৩-০তে জিতে থ্রি লায়ন্সদের হোয়াইট ওয়াশ করেছে বাংলার বাঘরা।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দল হয়েও টি-২০তে ‘দুর্বল’ প্রতিপক্ষ বাংলাদেশের সঙ্গে লজ্জার হারে ইংল্যান্ড ক্রিকেটকে ধুয়ে দিয়েছে বিট্রিশ গণমাধ্যম।
.png)
বুধবার দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফ শিরোনাম করেছে, ‘মাখন মাখানো ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ।’ ইংলিশদের লজ্জা দিয়ে দ্য গার্ডিয়ান লিখেছে, ‘২০১৬ সালের পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিল বাংলাদেশ।’
ইংল্যান্ডের আরেক গণমাধ্যম ডেইলি মেইল শিরোনাম করেছে- ‘শোচনীয়ভাবে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।’
তবে সবাইকে ছাপিয়ে গেছে দ্য টাইমসের শিরোনামটি। ইংল্যান্ডে এখন তুমুল শীত পড়ছে। সেটি তুলে ধরে তারা শিরোনাম করেছে, ‘গোঙানিতে শেষ হলো ইংল্যান্ডের বিভ্রান্ত শীত!’
এদিকে ইংলিশদের মাঠের খেলা নিয়ে প্রায় সবসময়ই সরব থাকেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন। তবে টাইগারদের বিপক্ষে শোচনীয় হারে তাকে কোনো কথা বলতে দেখা যায়নি। আর এ সুযোগে ভনকে খোঁচা দিতে ভোলেননি ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর।
বাংলাদেশের কাছে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণের পরপরই ভনকে খোঁচা দিয়ে টুইটারে তিনি লিখেছেন, ‘হ্যালো মাইকেল ভন, তোমাকে অনেক দিন দেখাা যাচ্ছে না।’