সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ম্যাচ চলাকালীন সময়ে মাঠেই আম্পায়ারকে খুন করলেন এক ক্রিকেটার। বিরল এ ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার কটকে।
রোববার (২ এপ্রিল) কটক জেলার চৌদ্দার পুলিশ থানার অন্তর্গত মাহিসালান্দা গ্রামে একটা স্থানীয় ক্রিকেট ম্যাচ চলছিল। সেই ম্যাচে আম্পায়ারের ভূমিকা পালন করছিলেন লাকি রাউত নামে ২২ বছরের এক যুবক। তিনি মাহিসালান্দা গ্রামের বাসিন্দা।
.png)
ম্যাচ চলাকালীন একটা নো বলের সিদ্ধান্ত দেন রাউত। তার সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ফিল্ডিংয়ে থাকা দল। সেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে এক পর্যায়ে শুরু হয় বাকবিতণ্ডা।
এরপর রীতিমতো ঝামেলায় জড়িয়ে পড়ে দুই দল। বাকবিতণ্ডা চলার সময় সমতিরঞ্জন রাউত ওরফে মুন্না নামে এক যুবক হঠাৎই ছুরি দিয়ে লাকি রাউতকে আক্রমণ করেন। একাধিক আক্রমণে মারাত্মক আহত রাউতকে স্থানীয় লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।