প্রিমিয়ার লিগে হেরেছে চেলসি
হার দিয়ে চেলসিতে দ্বিতীয় দফায় অভিষেক হলো ক্লাবটির কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের। শনিবার (৮ এপ্রিল) প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটনের মাঠে ১-০ গোলে হেরেছে চেলসি। উলভদের পক্ষে একমাত্র গোলটি করেন ম্যাথিউস নুনেস।
এদিকে চলতি মৌসুমে তৃতীয় কোচ হিসেবে চেলসির ডাগআউটে দাঁড়িয়েছেন ল্যাম্পার্ড। তাতে অবশ্য ফলের পরিবর্তন হয়নি। উলভারহ্যাম্পটনের বিপক্ষে হেরে গেছে চেলসি।
গতকাল খেলার ৩১ মিনিটের মাথায় গোলটি করেন নুনেস। ড্যানিয়েল প্রুডেন্সের ফ্লিক ক্লিয়ার করতে ব্যর্থ হন চেলসির ডিফেন্ডাররা। বল গিয়ে পড়ে নুনেসের পায়ে। দৃষ্টিনন্দন হাফ-ভলিতে গোলপোস্ট খুঁজে নেন তিনি।
.png)
অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের পর চাকরি হারান গ্রাহাম পটার। এরপর এই ম্যাচের আগে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান ল্যাম্পার্ড। দুই বছর আগে চেলসির কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর ফের দলটির বিপদের সময় ডাগআউটে ফিরলেন চেলসির সাবেক এই মিডফিল্ডার। তবে নতুন যাত্রার শুরুটা খুব একটা ভালো হলো না।
চলতি মৌসুমে এটি চেলসির ১১তম হার। ৩০ ম্যাচে ১০ জয় ও ৯ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১১ নম্বরে আছে দলটি। অন্যদিকে সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উলভারহ্যাম্পটন।