সবশেষ ২০০৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শিরোপা জেতে ইতালিয়ান ক্লাব এসি মিলান। এ সময় ক্লাবটির দায়িত্ব ভার ছিল আনচেলত্তির কাঁধে। আর ভালো লাগার দলটিকে আবারো ইউরোপ সেরার শিরোপা নির্ধারণী মঞ্চে দেখতে চান তিনি।
ইতালিয়ান এই কোচের চাওয়া, চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ হোক তার বর্তমান দল রিয়াল মাদ্রিদ।
.png)
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার চেলসির মুখোমুখি হবে রিয়াল। ওই দিনই শেষ আটের প্রথম লেগে মিলান লড়বে নাপোলির বিপক্ষে।
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে একাদশ স্থানে থাকা চেলসির বিপক্ষে রিয়ালকেই ফেভারিট ধরা হচ্ছে। তবে মিলানের সঙ্গে এগিয়ে রাখা হচ্ছে নাপোলিকে।
সবশেষ দেখায় সেরি আয় শীর্ষে থাকা নাপোলিকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও এবারের মৌসুমে ধারাবাহিক নয় মিলান। লিগ টেবিলে তাদের অবস্থান তৃতীয়। তবে চ্যাম্পিয়ন্স লিগে তাদেরকেই সমর্থন করার কথা মঙ্গলবার বললেন আনচেলত্তি।
বিষয়টি নিয়ে তিনি বলেন, যে দলটির আমি একজন ভক্ত। বাস্তবে মিলান-নাপোলির ম্যাচ হবে খুবই ভারসাম্যপূর্ণ ও অনিশ্চিত।
তার কথায়, ইস্তানবুলে দুই দলের মুখোমুখি হওয়া কী দারুণ হবে? রিয়ালের জন্য অবশ্যই দারুণ হবে। আমার মনে হয়, মিলানের জন্যও তাই। কিন্তু সব দলই ইস্তানবুলের ফাইনালে জায়গা করে নিতে চাইবে।
১৯৮৭ থেকে ১৯৯২ পর্যন্ত মিলানের হয়ে খেলেন আনচেলত্তি। কোচ হিসেবে দলটিতে ছিলেন তিনি ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত। এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ কয়েকটি শিরোপা জেতেন তিনি।
তবে ২০০৫ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইস্তানবুলে লিভারপুলের বিপক্ষে টাইব্রেকারে হেরে যাওয়া এখনও দাগ কেটে আছে তার মনে। ওই ম্যাচে মিলানের অধিনায়ক ছিলেন পাওলো মালদিনি, যিনি এখন দলটির টেকনিক্যাল ডিরেক্টর।
আনচেলত্তি বলেন, পাওলো ও ইস্তানবুল সুখস্মৃতি নয়, বিশেষ করে ২০০৫ সালে যা ঘটেছিল। মালদিনিকে আমি খুব পছন্দ করি, সে আমার অধিনায়ক ও আমার সঙ্গী। আমার জন্মদিনে (ফাইনালের দিন) যদি পরস্পরের মুখোমুখি হতে পারি তবে সেটা হবে বেশ দারুণ।