আইপিএলে না যাওয়া ছাপিয়ে শেষ কিছু দিনে আলোচনায় ছিল চলমান ডিপিএলে কয়টা ম্যাচ খেলবেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সে দল পাওয়ার পরও পারিবারিক সমস্যার কারণে খেলতে যাননি তিনি। পরবর্তীতে বেছে নেন ডিপিএলকে। আগের আসরের পর এবারও তিনি যুক্ত হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে।
সাকিব আগেই জানিয়েছিলেন, ডিপিএলের চলতি আসরের পুরো সময় থাকবেন না। এবার সেটিই নতুন করে বলছেন মোহামেডানের ক্রিকেট কমিটির সদস্য সচিব জিএম সাব্বির। তিনি বলেছেন, ‘মোহামেডানের হয়ে পরবর্তী সব ম্যাচেই খেলবেন সাকিব।’
.png)
ঈদের আগে ১৭ এপ্রিল পর্যন্ত চলমান আসরের ম্যাচ অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে সে সময় পর্যন্ত দেশেই থাকবেন সাকিব। এরপর যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে এই তারকা ক্রিকেটার পাড়ি জমাতে পারেন। এর আগে ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে চুক্তির সময় সাকিব বলেছিলেন, ‘ইচ্ছা আছে সবগুলো ম্যাচ খেলার, বাকিটা দেখা যাক।’
এদিকে আসরে ৯ পয়েন্ট নিয়ে সুপার লিগে ওঠার তালিকায় বেশ ভালো অবস্থানে রয়েছে মোহামেডান। যদিও শুরুর দিকে কয়েকটি ম্যাচে টানা হারের কারণে বেশ চাপেই ছিল দলটি। তবে সেই চাপ সামলে আবারো জয়ের রেসে ফিরেছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি।