ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দলের জয়ে অতৃপ্ত আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৪, ১৩ এপ্রিল ২০২৩
দলের জয়ে অতৃপ্ত আনচেলত্তি
কার্লো আনচেলত্তি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে হারের স্বাদ দিয়েছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে সাবেক চ্যাম্পিয়নদের ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রথম লেগেই জয়ের দেখা পেলেও অতৃপ্ত রয়ে গেছেন রিয়াল বস।

চেলসির ১০ জন হয়ে যাওয়ার পর আরো গোল করতে না পারায় আক্ষেপ জমা হয়েছে কার্লো আনচেলত্তির মনে। তবে রিয়াল মাদ্রিদ কোচ খুব একটা অখুশি নন এই জয়ে।

আনচেলত্তি বলেন, ‘এই ফলাফল আমাদের জন্য ভালো। তবে আমরা হতাশ যে তৃতীয় এমনকি চতুর্থ গোলটি করতে পারিনি। পরের সপ্তাহে (দ্বিতীয় লেগে) যখন মাঠে নামব, আশা করি আজকে আরেকটি গোল বেশি করতে না পারার আক্ষেপ করতে হবে না আমাদের।'

Advertisement

এদিন ম্যাচের প্রথমার্ধের একমাত্র গোলটি করেন করিম বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে সবশেষ ৯ ম্যাচে দার গোল হলো ১৪টি। 

এই টুর্নামেন্টে বেনজেমার সবশেষ ১১ গোলই ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে-চেলসির বিপক্ষে ৫টি, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩টি করে। সব মিলিয়ে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে ২৬ ম্যাচে ২০ গোল হয়ে গেল তার।

বেনজেমার ওই গোলের পর বারবার বিপজ্জনক হয়ে উঠলেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। ৫৯তম মিনিটে রদ্রিদোকে পেছন থেকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন চেলসির ডিফেন্ডার বেন চিলওয়েল। রিয়াল তার পরও পারছিল না ব্যবধান বাড়াতে।

ম্যাচের ৭১তম মিনিটে রদ্রিগোর জায়গায় আসেন্সিওকে নামান আনচেলত্তি। মিনিট তিনেকের মধ্যে দারুণ ফিনিশিংয়ে রিয়ালকে আরো এগিয়ে নেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!