পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ টি-২০তে শাহিন শাহ আফ্রিদির অধিনায়কত্বের ওপর আস্থা রেখেছেন। তিনি বলেছেন, টি-২০তে পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়া উচিত এই পেসারের।
স্থানীয় একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আকিব জাভেদ বলেন, ‘আফ্রিদি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এমনকি তার অধিনায়কত্বে লাহোর কালান্দার্স টানা দুটি পিএসএল শিরোপা জিতেছে।’
.png)
তিনি আরো বলেন, যদি শাদাবকে অধিনায়ক করা হয় তবে ফরম্যাটে কোনো পরিবর্তন হবে না। যদি রিজওয়ানকে নিয়ে আসা হয়, তাহলেও কোনো পরিবর্তন হবে না। কেউ যদি পাকিস্তান ক্রিকেটকে সঠিক পথে নিয়ে যেতে পারেন, তাহলে তিনি হচ্ছেন শাহিন শাহ আফ্রিদি।
শাহিন একমাত্র অধিনায়ক যিনি দুটি পিএসএল শিরোপা জিতেছেন এবং একমাত্র অধিনায়ক যিনি শিরোপা রক্ষা করেছেন। শাহিনের নেতৃত্বাধীন লাহোর দুইবারই মুলতান সুলতানসকে হারিয়ে পিএসএলের শিরোপা জিতেছে।
আকিব বলেন, ২০২৪ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া উচিত শাহিন শাহ আফ্রিদির। তার দৃষ্টিভঙ্গি ইতিবাচক এবং সে নির্ভীক ক্রিকেট খেলে।