‘আইয়ারের কাছ থেকে রাহুল-ওয়ার্নারের শেখা উচিত’
আইপিএলে ব্যাটে রান পেলেও স্ট্রাইক রেট ভোগাচ্ছে অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার ও ভারতীয় কে এল রাহুলকে। বিষয়টি নিয়ে শুরুতে কোনো সমালোচনা না হলেও সময়ের ব্যবধানে মুখ খুলতে শুরু করেছেন অনেকেই।
এবার কলকাতার খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ারের কাছ থেকে ওয়ার্নার ও রাহুলকে ব্যাটিং শিখতে বললেন হরভজন সিং।
এদিকে দিল্লি ক্যাপিট্যালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৩ ফিফটিতে ২২৮ রান করেছেন। স্ট্রাইক রেট মাত্র ১১৬.৯২।
অন্যদিকে একই দশা লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুলেরও। চলতি আসরে ১১৪.২১ স্ট্রাইক রেটে ১৯৪ রান করেছেন তিনি।
টুর্নামেন্টে এখন পর্যন্ত অন্তত ১৫০ রান করা ২১ জন ব্যাটসম্যানের মধ্যে ওয়ার্নার ও রাহুলের স্ট্রাইক রেটই সবচেয়ে কম। এমন ব্যাটিংয়ের কড়া সমালোচনা করে বীরেন্দ্র শেবাগ বলেছেন, ২৫ বলে ৫০ রান (২০০ স্ট্রাইক রেটে) করতে না পারলে আইপিএল খেলাই উচিত নয়।
অবশ্য হরভজন এতটা রুঢ় হননি। ওয়ার্নার ও রাহুলের সামনে তুলে ধরেছেন তিনি ভেঙ্কটেশ আইয়ারের উদাহরণ।
রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫১ বলে ১০৪ রানের ইনিংস খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের বাঁহাতি ব্যাটসম্যান। অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও আগ্রাসী ব্যাটিং থামাননি আইয়ার। ৬ চারের সঙ্গে মারেন ৯টি ছক্কা। যার সৌজন্যে আইপিএল ইতিহাসের প্রথম ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের ১৫ বছর পর কোনো সেঞ্চুরিয়ান পায় কলকাতা।
স্টার স্পোর্টসের অনুষ্ঠানে হরভজন বলেন,‘ভেঙ্কটেশ আইয়ার বিশেষ ক্রিকেটার। নিজের প্রথম আইপিএল সেঞ্চুরির মাধ্যমে সে এটি প্রমাণও করেছে। ডেভিড ওয়ার্নার ও লোকেশ রাহুলের মতো ব্যাটসম্যানদের তার ওই ইনিংস থেকে কিছু জিনিস শেখা উচিত।’
তিনি আরো বলেন, ‘দ্রুত উইকেট পড়ার পর আইয়ার শুধু নিজ দলকে এগিয়ে নেয়নি, সে দুইশর বেশি স্ট্রাইক রেটে রান করেছে।’