চট্টগ্রামে সাকিবের সেঞ্চুরি
ঘরের মাঠে চারদিনের ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে লড়ছে বাংলাদেশের যুবারা। এ ম্যাচের শেষ দিনে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার দলপতি শাহরিয়ার সাকিব।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয়েছে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল। এ ম্যাচের চতুর্থ ও শেষ দিনে (৩ মে) পাকিস্তানের চেয়ে ১০৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে টিম টাইগার্স।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২৭১ রানে এগিয়ে ছিল পাকিস্তান। সেই রান টপকে রান তোলার লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে নামা শাহরিয়ার সাকিবের দল এখন পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৬২ রান তুলেছে। সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক সাকিব।
.png)
তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৬৬ রান সংগ্রহ করে। পাকিস্তানের চেয়ে ১০৫ রানে পিছিয়ে থেকে শেষ দিনে ব্যাট করতে নামেন সাকিবরা।
মঙ্গলবার দিনের শুরুতেই মাত্র ১০ রান করেই আকন্দ শেখ ফিরে যান। এরপর জাকারিয়াকে সঙ্গে নিয়ে অর্ধশতক তুলে নেন সাকিব। এই দুই ব্যাটার মিলে দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন। এরপর ব্যক্তিগত ২৩ রানে ফিরে যান জাকারিয়াও। সিয়ামকে সঙ্গে নিয়ে পরবর্তীতে সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। তার সেঞ্চুরির পরই চট্টগ্রামের মাঠে বৃষ্টি শুরু হয়।
বৃষ্টির বাধা শেষে ব্যাট করতে নেমেই টাইগার শিবিরে পাকিস্তানের আঘাত। ১০৬ রানে ব্যাট করতে থাকা সাকিবকে ফিরিয়ে দেন আলী আশফান্দ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৬২ রান। পাকিস্তানের লিড পেরোতে আরও ৯ রান দরকার টাইগারদের।
এর আগে পাকিস্তান যুবাদের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৭৪ রান করেন ওপেনার শাহজাইব খান। আরেক ব্যাটার ওবাইদ শহীদ করেন ৬৭ রান। তাদের ব্যাটে চড়ে ৪২০ রান তোলে সফরকারীরা। বাংলাদেশের হয়ে ওয়াসি সিদ্দিকী সর্বোচ্চ ৫ উইকেট এবং ৪ উইকেট নেন মোহাম্মদ ইকবাল হাসান ইমন। প্রথম ইনিংসে আগে ব্যাট করা বাংলাদেশ মাত্র ১৪৯ রানেই গুটিয়ে যায়।