ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘গবেষণা করতে হলে সাকিবকে নিয়ে গবেষণা করুক’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৪, ৩ মে ২০২৩
‘গবেষণা করতে হলে সাকিবকে নিয়ে গবেষণা করুক’
ছবি: সংগৃহীত

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পাঁচ ম্যাচ টানা হেরে এরপর টানা ৫ জয়ে সুপার লিগ নিশ্চিত করে মোহামেডান। শেষের দিকে সাকিব আল হাসানসহ কয়েকজন বাংলাদেশ দলের ক্রিকেটার মোহামেডানে যোগ দিলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। 

দলে সাকিবের উপস্থিতি বদলে দিয়েছিল মোহামেডানকে। সাকিবের ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের কথা জানেন সবাই। বুধবার (৩ মে) মিরপুরে দলের অনুশীলন শেষে মোহামেডানের কোচ আশিকুর রহমান আশিক জানিয়েছেন, সাকিব থাকলে ড্রেসিংরুমে তৈরি হয় ইতিবাচক আবহ। 

আশিক বলেন, ‘আমি সাকিব আল হাসানের একজন কোচ হিসেবে যেটা দেখছি যে কেউ যদি বিশ্ব ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায়, তবে যেন সাকিব আল হাসানকে নিয়ে গবেষণা করে, তাহলে সে ক্রিকেট নিয়ে ধারনা পাবে, সাকিব এমন জিনিস। আর সে মোহামেডানে যেটা করছে, তার উপস্থিতি, তার শক্তি এমনভাবে ছড়িয়ে পড়েছে (ভাইব্রেট) চার দিকে, যা কী না ছড়িয়ে পড়েছে আমাদের সবার ভেতরে, একটা শক্তি সৃষ্টি করেছে। এতে আমাদের সবার ভেতর থেকে শক্তিটা বের হয়ে আসছে, যেটা নিভে ছিল।’ 

Advertisement

তিনি আবারও বলেন, ‘তো সারা বিশ্বে যদি কেউ ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায়, তাহলে সাকিব আল হাসানকে নিয়ে গবেষণা করুক। ওর ভেতর সব ইতিবাচক, নেতিবাচক কিছুই নেই। একজন কোচ হিসেবে এটা আমি দেখছি এবং সে দলের ওপর যেভাবে প্রভাব ফেলছে আসার পর। পুরো একটা উদ্দীপ্ত মহল তৈরি হয়েছে।’

আশিক মনে করেন, সাকিব যে দলে থাকে,সে দলের খেলোয়াড়দের খেলাটাই সহজ হয়ে যায়। মোহামেডান কোচ বলেন, ‘এটা বিশাল বড়। আপনি দেখবেন সাকিব যে দলে থাকে, সে দলে খেলোয়াড়দের খেলাটা সহজ হয়ে যায় এবং কোচদের জন্য কোচিংটা সহজ হয়ে যায়। ওর যে অবদান, একবার ডাগআউটে যাচ্ছে, ১২তম খেলোয়াড়ের মাধ্যমে তথ্য পাঠাচ্ছে, ড্রেসিংরুমে মজা করছে, বাইরে থেকে একটা ইতিবাচক আবহ দিচ্ছে। আমাদের না, বিপক্ষে দলের ড্রেসিংরুমে কিংবা ছাতার নিচেও এর প্রভাব পড়ে। এক সাকিব আল হাসানের একটা কথা চারদিকে ছড়িয়ে পড়ে। তার ভেতরে আল্লাহ প্রদত্ত একটা জাদু আছে।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!