অনুমতি না নিয়ে সৌদি আরবে ভ্রমণ করায় মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। একই সঙ্গে লিওর সঙ্গে নতুন করে কোনো চুক্তিতেও যাবে না ফরাসি জায়ান্টরা। এতে মেসির ক্লাব পরিবর্তনের বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র।
এদিকে মেসির নতুন ঠিকানা নিয়ে বেশ জোরালোভাবেই সাবেক ক্লাব বার্সেলোনার নাম উচ্চারিত হচ্ছিল। তবে সেই গুঞ্জনকে ছাপিয়ে সৌদি ক্লাব আল-হিলালে নাকি পাড়ি দিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ ফুটবলার।
.png)
এমনটি দাবি করেছেন ফিফার এজেন্ট মার্কো কির্দেমির। তার দাবি, মেসি আসলে সপরিবার সৌদি আরবে গিয়েছিলেন তার থাকার জায়গা দেখতে।
কির্দেমির শুধু এ তথ্যই দেননি। তার কথায়, মেসির পরিবার যদি সৌদি আরবে থাকার সুযোগ–সুবিধা দেখে ইতিবাচক ইঙ্গিত দেয়, তাহলে পিএসজি ছেড়ে আল হিলালেই নাম লেখাতে পারেন তিনি।
ফুটবলবিষয়ক খবরের ওয়েবসাইট গোল ডটকমকে কার্দেমির বলেছেন, ‘সে (মেসি) বার্সেলোনায় যাবে না। বার্সেলোনায় সে ফিরতে চায় অবসরের পর।’
আল–হিলাল থেকে বড় অংকের প্রস্তাব পাওয়ার কথা উল্লেখ করে কির্দেমির এরপর যোগ করেন, ‘বাদশাহর ক্লাব আল–হিলাল থেকে সে ৬০ কোটি ডলারের প্রস্তাব পেয়েছে। সে দেশটিতে তার (বাদশাহ সালমান) সঙ্গে দেখা করতে গেছে। সে দেখতে গেছে, সেখানে কোথায় থাকতে পারে। তার পরিবার সায় দিলে মেসি সৌদি আরবেই খেলবে।’