ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টিনার দুই তারকাকে পেতে ইপিএল ক্লাবগুলোর লড়াই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ৬ মে ২০২৩
আর্জেন্টিনার দুই তারকাকে পেতে ইপিএল ক্লাবগুলোর লড়াই
ছবি- ডেইলি বাংলাদেশ

গত বছরের ডিসেম্বরে কাতার ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে সোনালি ট্রফি ঘরে তোলে আর্জেন্টিনা। এ জয়ের পেছনে দলের ঐক্যবদ্ধ মনোভাবই আর্জেন্টিনাকে শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছে দিয়েছে। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের জয়ের ক্ষুধাও বেশ তাড়না দিয়েছে আলবিসেলেস্তাদের। এ তালিকায় লাউতারো মার্টিনেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের ভূমিকাও অসমান্য।

বিশ্বকাপ জয়ের পর ইংলিশ ক্লাব ব্রাইটনের জার্সিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন অ্যালিস্টার। শুক্রবার ঘরের মাঠে তার গোলেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছে ক্লাবটি। স্বাভাবিকভাবেই তার ওপর নজর রাখছে ইংলিশ জায়ান্টরা। চলতি মৌসুম শেষে তার নতুন ঠিকানা হিসেবে লিভারপুলের নাম শোনা যাচ্ছে।

অন্যদিকে অ্যালিস্টারের জাতীয় দলের আরেক সতীর্থ লাউতারো মার্টিনেজ ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলছেন। চলমান মৌসুমে সিরি আ’তে ওশিমেনের পরই ১৭ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার জায়গা দখলে নিয়েছেন এ আর্জেন্টাইন স্ট্রাইকার।

Advertisement

লাউতারো মার্টিনেজের সম্ভাব্য ক্লাব হিসেবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের নাম বেশ জোরালোভাবেই উচ্চারিত হচ্ছে। এমনকি মার্টিনেজের ওপর নজরও রাখছে রেড ডেভিলসরা।

আর্জেন্টিনার দুই তারকাকে নিয়ে দলবদল বিশেষজ্ঞ ও সাংবাদিক ফাব্রিজিও রোমানো বলছে, ম্যাক অ্যালিস্টার ব্রাইটন ছেড়ে এবার লিভারপুলে যাচ্ছেন। মূলত ম্যাক অ্যালিস্টারকে ঘিরে বিশ্বকাপের পর থেকেই ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবের আগ্রহের খবর সামনে আসে। সবশেষ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষের ম্যাচেও তিনি শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দিয়েছেন।

অন্যদিকে, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন আলবিসেলেস্তে ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। চলতি সিজনে ইন্টার মিলান ২০০৯-১০ মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠে। যেখানে বড় ভূমিকা ছিল মার্টিনেজের। কোয়ার্টার ফাইনাল থেকে বেনফিকাকে হারিয়ে সেমিতে ওঠার ম্যাচে এই ফরোয়ার্ড একটি গোল করেন।

মার্টিনেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ফুটবল ইনসাইডারের দেওয়া তথ্যমতে, ৭০ মিলিয়ন ইউরোতে মার্টিনেজকে নিতে চায় চেলসি। চলতি সিজন শেষেই তার সম্ভাব্য দলবদল হতে পারে।

লিওনেল মেসির সতীর্থ মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার ২০২০ সালে আর্জেন্টিনোস জুনিয়র থেকে ব্রাইটনে আসেন। তার সঙ্গে ক্লাবটির চুক্তি রয়েছে ২০২৫ সাল পর্যন্ত। ব্রাইটনের সাবেক কোচ গ্রাহাম পটারের অধীনে তিনি নিজেকে দারুণভাবে প্রস্তুত করেন। এরপর বিশ্বকাপে সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরেন দারুণভাবে। 

এবার ব্রাইটন অধ্যায় পেছনে ফেলে সামনে তাকাতে চান ম্যাক অ্যালিস্টার। তাকে নিয়ে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও নাকি দারুণ আগ্রহী। শুধু লিভারপুলই নয়, ম্যাক অ্যালিস্টারকে পেতে চায় মানচেস্টার ইউনাইটেডও। তবে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর খবর বলছে, এই আর্জেন্টাইনকে পেতে অনেক দূর এগিয়ে গেছে লিভারপুল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!