বিশ্বকাপ জয়ের পর থেকে জাতীয় দলের বিভিন্ন কাঠামো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্কালোনি। তবে ব্যস্ততা থেকে ছুটি পেয়েই সাইকেলে চেপে ‘নরকের পথ’ পাড়ি দিলেন লিওনেল মেসি ও ডি মারিয়াদের এই কোচ।
সম্প্রতি সাবেক স্প্যানিশ সাইক্লিস্ট এবং ফ্রেঞ্চ ও স্প্যানিশ ট্যুরজয়ী পেদ্রো দেলগাদো আর্জেন্টাইন কোচ স্কালোনিকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। মূলত তারই অংশ হিসেবে সাইকেল চালিয়ে স্পেনের ঐতিহ্যবাহী পর্বত এল আংলিরু’র কণ্টকাকীর্ণ ১৬৭ কিলোমিটারের পথ পাড়ি দিয়েছেন তিনি। এই পথটি ‘নরকের পথ’ হিসেবে বেশ পরিচিত।
.png)

বিশ্বকাপজয়ী কোচ স্কালোনিক কঠিন চ্যালেঞ্জ দেওয়ার বিষয়ে দেলগাদো বলেন, ‘স্কালোনির প্রস্তুতি এবং শক্তি দেখে আমি বিস্মিত হয়েছি। আমি জানতাম সে ভালো করবে। তবে এ ধরনের পারফরম্যান্স তার কাছ থেকে আশা করিনি।’
দেলগাদার দেওয়া চ্যালেঞ্জ উতরে স্কালোনি বলেছেন, ‘রহস্যে ভরপুর এই পর্বতকে জানতে পারাটা দারুণ অভিজ্ঞতা ছিল।’
দুশ্চিন্তা ও মানসিক সুস্থতার জন্য ২০১৫ সাল থেকে সাইক্লিং করে আসছেন স্কালোনি। পাশাপাশি নিজেকে শারীরিকভাবে ফিট রাখতেও সাইকেল চালানো শুরু করেন এই কোচ।