সোমবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার জাকার্তায় স্বাগতিকদের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে গড়াবে।
ভারত-পাকিস্তান কিংবা বাংলাদেশের কোনো চ্যানেলে ম্যাচটি সম্প্রচার না করায় সরাসরি টেলিভিশন সেটে খেলাটি দেখতে পারবে না এই অঞ্চলের আর্জেন্টিনা সমর্থকরা। তবে তাদের খেলা দেখার ব্যবস্থা করছে ভিইউস্পোর্ট স্ট্রিমিং ও সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্ক। ভিইউস্পোর্ট এর অ্যাপসে আর্জেন্টিনার ম্যাচটি দেখা যাবে। এছাড়া সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্কের ওয়েবসাইটেও দেখা যাবে।
.png)
আজকের ম্যাচের একাদশে ব্যাপক পরিবর্তন থাকার আভাস দিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন না রেকর্ড সাতবারের ব্যালন ডি'র জয়ী মেসি।
বিশ্বকাপজয়ী মেসির সঙ্গে এদিন বিশ্রামে রাখা হবে দলের অনেক তারকা ফুটবলারকেই। অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ থেকে ‘সাত-আটটি’ পরিবর্তন আনতে পারেন স্কালোনি। একাদশে বড় রদবদলে আসলেও স্কালোনি বিশ্বাস করেন জয় নিয়েই মাঠ ছাড়বে তার শিষ্যরা।
মেসির পাশাপাশি ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বিশ্রামে থাকবেন ডি মারিয়া, নিকোলাস ওতামেন্ডিও। গোলরক্ষক মার্টিনেজের পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে রুলিকে। এছাড়া শুরু থেকে একাদশে দেখা যেতে পারে আলভারেজকে।
আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, ‘মেসি বিশ্রামে থাকবে। তার বিশ্রাম নেয়া উচিত। মেসির পাশাপাশি ডি মারিয়া ও ওতামেন্ডিরও বিশ্রাম দরকার। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আমরা ম্যাচ খেলব, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর্জেন্টিনা দল যে কোনো খেলোয়াড়ের চেয়ে বড়। মেসি না থাকলেও আশা করি দর্শকরা ম্যাচটি উপভোগ করবে।’
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: জেরনিমো রুলিকে, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বালের্দি, জার্মান পেজেলা, মার্কোস আকুনা, এক্সকুয়েল প্যালাসিওস, লিয়ান্দ্রো পেরেদেস, জিওভানি লো সেলসো, লুকাস ওকাম্পোস, জুলিয়ান আলভারেজ এবং গার্নাচো/নিকো গঞ্জালেজ।