ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অধিনায়কত্ব না দেওয়ায় বাড়ি চলে গেছেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৬, ২০ জুন ২০২৩
অধিনায়কত্ব না দেওয়ায় বাড়ি চলে গেছেন কোর্তোয়া
ছবি: সংগৃহীত

বেলজিয়ামের বর্তমান প্রজন্মকে বলা হয় সোনালি প্রজন্ম। দলটিতে সেরা গোলরক্ষক থেকে শুরু করে ফরোয়ার্ড সবগুলো রয়েছে। তবে খেলোয়াড়দের দ্বন্দ্বে যে ভাঙন ধরেছে দলটাতে, তাতে কোনো সন্দেহ নেই। বেলজিয়ামের অধিনায়ক এডেন হ্যাজার্ড অবসর নেয়ার পর শুরু হয় নতুন কোন্দলের। অধিনায়কত্ব নিয়েই শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব। এতেই অধিনায়কত্ব না পাওয়ায় ক্যাম্প ছেড়ে বাড়ি চলে গেছেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

অস্ট্রিয়ার বিপক্ষে শনিবার (১৭ জুন) ইউরো বাছাই পর্বের ম্যাচে নেতৃত্ব না পেয়ে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গেছেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা কোর্তোয়া। তাই মঙ্গলবার (২০ জুন) রাতে এস্তোনিয়ার বিপক্ষে খেলবেন না ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতা এ তারকা। দলের প্রধান গোলরক্ষকের এমন সিদ্ধান্তে বিস্মিত বেলজিয়ামের কোচ দমেনিকো তেদেসকো।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোট পাওয়া কেভিন দি ব্রুইনা ছিটকে গেছেন দুমাসের জন্য। তাই তার অবর্তমানে দলের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে রোমেল লুকাকুর হাতে বাহুবন্ধনী তুলে দেন তেদেসকো। কিন্তু বিষয়টা ভালো লাগেনি কোর্তোয়ার। তাতেই বাড়ি ফিরে গেছেন ৩১ বছর বয়সী গোলরক্ষক।

Advertisement

কোর্তোয়ার দল ছেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে তেদেসকো বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম অস্ট্রিয়ার বিপক্ষে লুকাকু নেতৃত্ব দেবে আর এস্তোনিয়ার বিপক্ষে কোর্তোয়া। সবাই এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। কিন্তু অস্ট্রিয়া ম্যাচের পর কোর্তোয়া হঠাৎ আমার কাছে এসে বলল, সে বাড়ি ফিরে যাবে। কারণ, সে হতাশ এবং মনে করছে তাকে অপমান করা হয়েছে।'

 ইতালিয়ান বংশোদ্ভূত জার্মান কোচ বলেন, ‘শুরু থেকে আমি কোর্তোয়াকে প্রাপ্যটা দেয়ার চেষ্টা করেছি। আমার চোখে সে বিশ্বসেরা গোলরক্ষক। শুধু গোলরক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও তাকে পছন্দ করি। ওর কথা শুনে আমি অবাক ও বিস্মিত হয়েছি।'

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!