ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লড়াই করে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৮, ৭ জুলাই ২০২৩
লড়াই করে হারল বাংলাদেশ
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে প্রোটিয়াদের কাছে ডার্ক লুইস মেথডে (বৃষ্টি আইন) ১০ রানে হেরেছে স্বাগতিকরা। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশি যুবাদের ১০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

এর আগে বৃহস্পতিবার ওভার কমিয়েও ম্যাচের ফলাফল আনা যায়নি। ফলে ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে। সংরক্ষিত দিনের সেই লড়াইয়ে খুব কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

Advertisement

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সফরকারীদের শুরুটা ভালো হয়। দুই ওপেনারের ৫৯ রানের জুটি সম্ভাবনা দেখাচ্ছিল বড় রানের। তবে রাফিউজ্জামান রাফি একই ওভারে প্রোটিয়াদের দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩২ বলে ৩৭ রান করেন অধিনায়ক ডেভিড ট্রিগার আর রিচার্ড সেলেটেসোয়েন করেন ২০ রান। তাতে ২৯ ওভারে ১৪৫ রান করে সফরকারীরা। তবে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৩।

বাংলাদেশের হয়ে রাফি সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া বর্ষন ও ইমনের ঝুলিতে গেছে দুটি করে উইকেট। 

লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারে এক উইকেট হারিয়ে ৭ রান করে বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে বৃহস্পতিবার আর খেলা মাঠে গড়ায়নি। শুক্রবার রিজার্ভ ডেতে মাঠে নেমে শুরুটা ভালো করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান কেওয়ানা মাফাকার বলে আউট হয়ে ফিরলে দিনের প্রথম উইকেট পায় সফরকারীরা।

এরপর আদিল বিন সিদ্দিক ও শিহাব জেমস লড়াই করেছেন বেশ। তবে মিডল অর্ডারে কেউই ভালো সঙ্গ দিতে পারেননি তাদের। শিহাবের ২৯ রান ছাড়া মিডল অর্ডারে কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। শেষদিকে লড়াই করে যান রাফি। সর্বোচ্চ উইকেটধারী এই বোলার ব্যাট হাতেও করেন দলের সর্বোচ্চ রান। ২৮ বলে তার ২৭ রানের ইনিংস কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় জুনিয়র টাইগারদের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!