এমবাপ্পের মন্তব্যে ফুঁসছে পিএসজি-সতীর্থরা
দিন যত গড়াচ্ছে কিলিয়ান এমবাপ্পে ও প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সম্পর্ক যেন ততই খারাপের দিকে যাচ্ছে। যার শুরুটা হয়েছিল চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে। সেই বিতর্কে সবশেষ কাণ্ডে ঘি ঢেলেছেন এমবাপ্পে নিজেই। আর তাতেই যেন ফুঁসছে পিএসজি ও ক্লাবটির সতীর্থরা।
চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তে এমবাপ্পেকে একটি নির্দিষ্ট মেয়াদ বেঁধে দিয়েছে পিএসজি। অন্যথায় এমবাপ্পেকে এই দলবদলেই বিক্রি করার কথা জানিয়েছেন ক্লাবটির সভাপতি খেলাইফি।
পিএসজি সভাপতির এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ফুটবল ফ্রান্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছেন এমবাপ্পে। ওই সাক্ষাৎকারটি চলতি সপ্তাহে প্রকাশ করেছে দলটি। যেখানে তিনি বলেন, পিএসজিতে খেলে তার কোনো লাভ হচ্ছে না। এমনকি ফরাসি ক্লাবটি নাকি বিভেদ সৃষ্টিকারী দল!
.png)
এমবাপ্পের এই মন্তব্যকে ঘিরে পিএসজির ড্রেসিংরুমে তাকে নিয়ে বিরক্তি শুরু হয়েছে। বিশ্বকাপজয়ী ফরাসি তারকার মন্তব্যকে ‘অসম্মান বা অপমান’ হিসেবে দেখছেন ক্লাবের অন্য খেলোয়াড়রা। এজন্য পিএসজির সভাপতিকে নিজেদের অসন্তোষের বিষয়ে জানিয়েছেন তারা।
ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, পিএসজির ৬ জন খেলোয়াড় খেলাইফিকে অভিযোগ দিয়েছেন। এর মধ্যে ২ জন আছেন যারা নতুন চুক্তি করেছেন ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে। খেলাইফি তার প্রতিক্রিয়ায় নাকি জানিয়েছেন, এমবাপ্পের এমন মন্তব্য পিএসজির অন্য খেলোয়াড়দের প্রতি তার শ্রদ্ধার অভাব।
এমবাপ্পে সাক্ষাৎকারে যা বলেছেন তাতে তার সতীর্থদের মনে আঘাত পাওয়ার কথাই। ফরাসি অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, পিএসজিতে খেলে আমার খুব বেশি লাভ হবে না। কারণ, দলটি ভাগ হয়ে যায়। ফলে অনেক রটনা রটে তবে সেসব আমাকে টানে না।’