এশিয়া কাপের সেমিতে যে দলকে পেল বাংলাদেশ
শ্রীলংকার মাটিতে গড়িয়েছে ইমার্জিং এশিয়া কাপের আসর। যেখানে আফগানিস্তান ‘এ’ দলকে হারিয়ে সেমি ফাইনালের টিকিটি নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এবার তাদের প্রতিপক্ষও নির্ধারণ হয়ে গেল।
শুক্রবার শ্রীলংকার কলম্বোয় ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে সেমিতে লড়বে বাংলাদেশ। অপর সেমিফাইনালে স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হবে পাকিস্তান।
সেমিফাইনালে বাংলাদেশ ও শ্রীলংকার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে বুধবার ভারত-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন চিরপ্রতিদ্বন্দ্বি এই দুই দলের লড়াইটি হয়েছে ভারতকেন্দ্রীক।
ম্যাচটি ভারত জিতে নিয়েছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। ৮০ বল হাতে রেখে পাওয়া ৮ উইকেটের জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হয়েছে ভারত।
অন্যদিকে ভারতের থেকে ২ পয়েন্ট কম নিয়ে ৪ পয়েন্টে পাকিস্তান হয়েছে দ্বিতীয়। এদিকে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলংকা উভয় দলের সমান ৪ পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে বাংলাদেশ।
যে কারণে গ্রুপ রানার্সআপ হওয়ায় ফলে ‘বি’ গ্রুপের সেরা দল ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে সৌম্য সরকারদের। আগামী ২১ জুলাই সেমিফাইনালের পর শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে ২৩ জুলাই।